ঈদযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
সোমবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে তিন নম্বর ফেরিঘাটে লোকাল গাড়ির যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পান প্রতিমন্ত্রী। এ ঘটনায় সংশ্লিষ্ট কালেক্টর ঠিকাদারকে জরিমানা করার নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আমরা একাধিকবার বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় অতিরিক্ত ১০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছোটখাটো বিষয় হলেও এগুলো আমাদের নজর এড়িয়ে যাওয়ার কথা নয়।
তিনি বলেন, ঘাট এলাকায় কোনো ধরনের অব্যবস্থাপনা পাওয়া গেলে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
এ সময় তিনি যাত্রী ও ঘাটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি ফেরিতে পরিবেশিত খাবারের মান, লঞ্চচালকদের সনদ এবং লঞ্চের ফিটনেস সংক্রান্ত কাগজপত্রও পরীক্ষা করেন।
এ সময় বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএস






















