মঙ্গলবার এক বক্তব্যে অভিনেত্রী বলেন প্রতিদিন বিবাহিত তরুণীদের নিয়ে মর্মান্তিক খবর সামনে আসছে। অনেক শিক্ষিত নারীও হয়তো নির্যাতনের পরিবেশ থেকে বেরিয়ে আসতে পরিবারের কাছে সাহায্য চান। কিন্তু আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রে বিয়ের পর মেয়েদের পরিত্যক্ত ভাবা হয়।
নারীদের উদ্দেশে কঙ্গনা বলেন নিজেদের পেশা ও ক্যারিয়ারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। জীবনে অনেক মানুষ গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু সেটা যেন কখনো নিজের কাজ বা পরিচয়কে ছাপিয়ে না যায়।
বিয়ের আগে নারীদের পুরোপুরি স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন নিজের পায়ে দাঁড়ানোর পরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। মনে রাখতে হবে নিজেদের রক্ষাকর্তা নিজেকেই হতে হবে। বাইরে থেকে কেউ এসে জীবন বদলে দেবে-এমন আশা না করাই ভালো।
কঙ্গনা রানাউতর মতে, একজন নারীর নিজের পরিচয় ও আত্মনির্ভরশীলতাই সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন আপনি যেভাবে জীবন কাটাতে চান সেভাবেই নিজের জীবন গড়ে তুলুন। অন্যের কথায় নিজের সিদ্ধান্ত বদলাবেন না।
কঙ্গনার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক নারী তার মন্তব্যকে সমর্থন জানিয়েছেন। কেউ এটিকে বাস্তবসম্মত পরামর্শ বলছেন, আবার কেউ নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা হিসেবে দেখছেন।
বাংলা৭১নিউজ/এসএএইচ




























