বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

রেকর্ডসংখ্যক তরুণ এবার প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ডসংখ্যক তরুণ তাদের প্রথম ভোট দেবে। বিগত স্বৈরশাসনের অধীনে অনুষ্ঠিত তিনটি কারচুপির নির্বাচনে ভোট দিতে পারেনি তারা।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার প্যাস্কেল গ্রোটেনহুইস সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

বৈঠকে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের বিষয়টিও আলোচনায় আসে।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।

অধ্যাপক ইউনুস বলেন, আগের স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি “কারচুপির নির্বাচনে” ভোট দিতে না পারা বিপুল তরুণ এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন।
‘এটি আমাদের সবার জন্য ঐতিহাসিক মুহূর্ত। যারা গণঅভ্যুত্থানের সময় দেয়ালজুড়ে গ্রাফিতি এঁকেছিল, তারা এবার ভোট দিতে আসবে, বলেন তিনি।

ডাচ উপমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করেন। তিনি বলেন, অস্থায়ী সরকার খুব অল্প সময়ে ভোটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

তিনি বাংলাদেশের সদ্য পাস হওয়া শ্রম আইনেরও প্রশংসা করেন। তার মতে, এ আইন ডাচসহ ইউরোপীয় বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর গতকাল প্রেসিডেন্ট আইনে সই করেন।

পাসকালি গ্রোটেনহুইস জানান, নেদারল্যান্ডস শিগগিরই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) সমঝোতা স্মারক সই করতে চায়। এ সমঝোতা স্মারক দুই দেশের মধ্যে বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ‘৫০ বছর ধরে বাংলাদেশ–নেদারল্যান্ডস উন্নয়ন সহযোগী ছিল। এখন আমরা রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগে একটি সমতাভিত্তিক অংশীদারিত্ব গড়ে তুলতে চাই।’

ডাচ মন্ত্রী জানান, এত দিন যারা ঢাকা থেকে পণ্য আমদানি করতেন, সেই ডাচ কোম্পানিগুলো এখন বাংলাদেশে বিনিয়োগ করে অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com