শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

বনানীতে বাস দুর্ঘটনায় দুই জন নিহত, সংবাদকর্মীসহ আহত কয়েকজন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীতে বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

কর্তব্যরত সার্জেন্ট আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। এদের মধ্যে দুই জন সংবাদকর্মীও ছিলেন। দৈনিক সংবাদ প্রতিদিনের সাংবাদিক রিমন মাহফুজ নিজের ফেসবুক পোস্টে এই দুর্ঘটনার কথা উল্লেখ করে লেখেন, “মহান আল্লাহ ভয়াবহ বাস দুর্ঘটনা থেকে রক্ষা করলেন। আলহামদুলিল্লাহ।”

দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি লেখেন, “আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকাল প্রায় পৌনে ৪টায় মহাখালী থেকে গাজীপুরগামী ভুঁইয়া পরিবহনের একটি বাস পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশে থাকা একটি ফুট ওভারব্রিজে সজোরে ধাক্কা লাগে বাসটির। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন।

“সেই বাসে দৈনিক সংবাদ প্রতিদিনের চিফ রিপোর্টার এহসান পারভেজ তুহিন ভাইসহ আমি প্রেস ক্লাব থেকে মেট্রোতে বিজয়স্মরনী এসে ভূইয়া পরিবহনের বাসে বনানী আসছিলাম। মহাখালী ফ্লাইওভার থেকে বাসটি নিচে নামার সময় হঠাৎ চেয়ারম্যানবাড়ি সেতু ভবনের সামনের ফুট ওভারব্রিজের পিলারের সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা লাগিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই তুহিন ভাই ছিটকে পড়ে গেলেন, আমি শক্ত করে সিটের সামনের অংশ ধরে থাকার পরও হাঁটু ও হাতে প্রচণ্ড ধাক্কা খেলাম। সঙ্গে সঙ্গে চিৎকার—জানালার গ্লাস ভাঙার টুকরো ছিটকে পড়লো। তুহিন ভাইকে কোনোমতে তুলে বাস থেকে নেমে দেখি হেলপার বাসের নিচে পড়ে আছে, পাশে একজন বৃদ্ধের নিথর দেহ। আশপাশের মানুষ ছুটে আসলো উদ্ধার করতে। এ দুর্ঘটনায় আমাদের দু’জনেরই  পায়ের নিচের অংশ কেটে রক্ত বের হচ্ছিল। বনানী অফিসের কাছে এসে ডাক্তারের চিকিৎসা নিলাম। প্রচণ্ড ব্যথা অনুভব করছি আর মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি জীবন রক্ষার জন্য ।”

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com