রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী পুলিশের সংস্কারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আগে আলোচনা হোক সংসদে, নাহিদ ইসলাম সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে অনেকে সংসদে এসেছেন যা বিশ্বে বিরল : ডেপুটি স্পিকার সংকট মোকাবিলায় রামেকে পাঠানো হচ্ছে ৪ ভেন্টিলেটর : স্বাস্থ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা

পুলিশের সংস্কারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার ও সক্ষমতা বাড়াতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে।

এরই অংশ হিসেবে পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাওয়া হয়েছে।

রোববার (২৬ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাতের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ফরাসি রাষ্ট্রদূতকে স্বাগত জানান। অন্যদিকে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় মন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, উচ্ছৃঙ্খল জনতা বা মব (Mob) নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ দমন, পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি, র‍্যাবের সংস্কার ও পুনর্গঠন, ফরেনসিক খাতে সহযোগিতা, পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি এবং সহযোগিতার নতুন ক্ষেত্র শনাক্তকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পুলিশ সংস্কারে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছি। তবে এই উন্নয়ন রাতারাতি সম্ভব নয়; আমরা ধারাবাহিক বা পর্যায়ক্রমিক উন্নয়নের মাধ্যমে একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।’

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দুর্বল থাকায় তারা মব নিয়ন্ত্রণে সফল হতে পারেনি। তবে বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো মবের ঘটনা ঘটেনি। সরকার কোনো ধরনের মব বা বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিচ্ছে না। তবে রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিক উপায়ে জনদুর্ভোগ সৃষ্টি না করে সভা-সমাবেশ ও গণতান্ত্রিক মতপ্রকাশ করতে পারবে।

র‍্যাবের সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেকোনো রাষ্ট্রীয় কাঠামোতে একটি এলিট ফোর্সের প্রয়োজনীয়তা রয়েছে। র‍্যাবের নাম সংশোধন এবং বিদ্যমান জনবল ও লজিস্টিকসকে (সরঞ্জাম) কাজে লাগিয়ে আইনি পর্যালোচনার মাধ্যমে এই ফোর্সটিকে কার্যকরভাবে রাখা হবে।

এ সময় ফরাসি রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে চায়। সহযোগিতার নতুন ক্ষেত্র শনাক্ত করে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, ফ্রান্স ইতিমধ্যে সিআইডির ফরেনসিক ল্যাবের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার পদক্ষেপ নিয়েছে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ফরাসি রাষ্ট্রদূতের কাছে দাঙ্গা প্রতিরোধ পুলিশের (অ্যান্টি রায়ট ট্রুপ) সক্ষমতা বাড়াতে দেশটির কারিগরি সহযোগিতা কামনা করেন। এ লক্ষ্যে তিনি পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে ফ্রান্স দূতাবাসের সঙ্গে সভা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এ ছাড়া ফ্রান্স দূতাবাস থেকে আইজিপি, বিজিবি, কোস্টগার্ড ও আনসার মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের যে অনুমতি চাওয়া হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা অনুমোদন করে চিঠি দেওয়া হয়েছে বলে মন্ত্রী রাষ্ট্রদূতকে অবহিত করেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com