
বগুড়ার ধুনট থেকে চুরি হওয়া ৪২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার চিকাশী ইউনিয়নের বড়চাপড়া এবং গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুড়ী গ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব চাল আটক করা হয়।
জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি হিলি সীমান্ত থেকে ট্রাকযোগে ২৬ কেজি ওজনের ৪২০ বস্তা ভারতীয় হোয়াইট গোল্ড সিল্কি সোর্টেক্স চাল বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। ২৬ ফেব্রুয়ারি রাতে ট্রাকের চালক হারুন মিয়া ট্রাকসহ নিখোঁজ হন বলে মালিকপক্ষ আজাদ গ্রুপ দাবি করে। চালকের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে কোম্পানির লোকজন খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায় না। পরে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার চিকাশী ইউনিয়নের বড়চাপড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে পোশাকশ্রমিক সুরুজ মিয়ার বাড়ি থেকে ৩৪০ বস্তা চাল উদ্ধার করে। এছাড়া গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুড়ী গ্রামের মৃত আব্দুল মান্নান মন্ডলের ছেলে মইনুল মন্ডলের বাড়ি থেকে আরও ৮০ বস্তা চাল উদ্ধার করা হয়। পৃথক দুটি স্থান থেকে মোট ৪২০ বস্তা চাল উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ২৭০ মণের বেশি।
বগুড়া সদর থানার এসআই মেহেদী হাসান জানান, এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। জড়িতরা পলাতক রয়েছেন। চালগুলো উদ্ধারের পর জব্দ করে বগুড়া পুলিশ লাইন্সে রাখা হয়েছে। চালের মূল মালিককে জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএম