সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

জামায়াত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা

সুনামগঞ্জ, প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনি প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা সেলিম ও জয় নামের দুইজন।

শিশির মনিরের কর্মী-সমর্থকরা জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যায় এলইডি স্ক্রিনযুক্ত প্রচার গাড়ি ব্যবহার করে নির্বাচনি এলাকায় তার উন্নয়ন পরিকল্পনা ও ভোটের আহ্বান তুলে ধরেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়িটি তাড়ল ইউনিয়নের ধলবাজারে পৌঁছালে সেখানে বিএনপির পক্ষে একটি মিছিল বের হয়। তখন প্রচার গাড়ির প্রজেক্টরের শব্দ কমানো হয়। এর পরে মিছিলের কয়েকজন এসে গাড়ি সরানোর দাবি জানান।

পরবর্তীতে গাড়িটি দিরাই সদরের দিকে রওনা হলে কাদিরপুর এলাকায় পেছন থেকে চারটি মোটরসাইকেল করে কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে গাড়িতে হামলা চালায়। হামলায় গাড়ির সামনের কাচ ভেঙে যায়।

শিশির মনির বলেন, বিএনপির লোকজন আমার প্রচার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এতে দুজন আহত হয়েছেন।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, হেলমেট পরিহিত থাকায় হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

তবে দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইন উদ্দিন চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, এটি পুরোপুরি মিথ্যা। তিনি সারাদিন ওই এলাকায় ছিলেন এবং এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটি সাজানো নাটক হতে পারে।

সুনামগঞ্জ-২ আসনে শিশির মনির ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী ও কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com