
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গতকালও মানুষের ঢল দেখা গেছে। ভোর থেকেই ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে আসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কবর জিয়ারতের পাশাপাশি সমাধিতে ফুল দেয় অনেকে। অনেকে আবার কোরআন শরিফ খতম দেয়। শুক্রবার শেষ হয় তিন দিনের রাষ্ট্রীয় শোক।
তবে বিএনপি ঘোষিত সাত দিনের শোক চলছে। গতকাল বেলা ১১টার দিকে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী মহিলা দল। এরপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্রের আপসহীন নেত্রী শিখিয়েছেন কীভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয়।
ফ্যাসিবাদের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়, সেটাও শিখিয়েছেন খালেদা জিয়া।’
জাতীয়তাবাদী মহিলা দলের শ্রদ্ধা জ্ঞাপনের সময় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী।
এ সময় তাঁরা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এ ছাড়া জাতীয়তাবাদী তৃণমূল দল, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ, জাতীয়তাবাদী সমবায় দল এবং জিয়া সাংস্কৃতিক ফোরাম নামে কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করে। নেতা-কর্মী ও সাধারণ মানুষের আনা ফুলে ছেয়ে গেছে বেগম জিয়ার কবর। ঢাকার বাইরে থেকেও বিএনপির অনেক নেতা-কর্মী আসছেন শ্রদ্ধা জানাতে।
বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাগ্রত পার্টির প্রেসিডিয়াম সদস্য, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ আবদুল অদুদ। এ সময় তিনি অবাধ-সুষ্ঠু নির্বাচন ও তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে তাঁর প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
সমাধিতে আরও শ্রদ্ধা জানান জেআরডি কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, ডলফিন গ্রুপের চেয়ারম্যান মো. আমিনুল হক রতন, ব্যবস্থাপনা পরিচালক মো. ইমদাদুল হক, বাংলাদেশ জাগ্রত পার্টির মুখপাত্র কাজী শামসুল ইসলাম রঞ্জন, একেআই ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমামুল হক জুয়েল প্রমুখ।
কোটা সংস্কার আন্দোলনের রিটকারী মোহাম্মদ আবদুল অদুদ শ্রদ্ধানিবেদন শেষে বলেন, ‘জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠনে এগিয়ে আসতে জনগণের প্রতি আহ্বান জানাই।’
জেআরডি কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের বিকল্প নেই। আমরা আশাবাদী সামনের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে এবং একটি ব্যবসাবান্ধব, নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে।’
হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন ইসহাক দার : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার তিনি হাইকমিশন পরিদর্শন করে শোকবইয়ে স্বাক্ষর করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন তিনি। এর আগে বুধবার খালেদা জিয়ার মৃত্যুর খবরে ঢাকায় আসেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। এ ছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
বাংলা৭১নিউজ/একেএস