বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা প্রথম অধিবেশনের ১২তম দিন সংসদের সকালের অধিবেশনে ১২টি বিল পাস শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই, ভোটগ্রহণ মনিটর শেষে সিইসি অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ভারত থেকে আসবে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলপথমন্ত্রী সব পড়লেন কিন্তু মূল আইনটাই পড়লেন না: হাসনাতকে আইনমন্ত্রী আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক নারী এমপি গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন : মন্ত্রী রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আজও ৪ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার মৃত্যু: শোকবইয়ে কূটনীতিক রাজনীতিবিদদের স্বাক্ষর

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে শোক বই খুলেছে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রথম দিনের শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম চলে।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, শোক বই খোলার প্রথম চার ঘণ্টায় মোট ২৮টি দেশের কূটনীতিক শোক বইয়ে স্বাক্ষর করেন।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই কার্যক্রমে শোকবইয়ে প্রথম স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে পযায়ক্রমে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ছাড়াও এখন পর্যন্ত পাকিস্তান, জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান, ব্রাজিলসহ ২৮টি দেশের কূটনীতিক স্বাক্ষর করেছেন।

এছাড়াও শোক বইতে স্বাক্ষর করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শোক বইয়ে বিশিষ্টজনদের স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সাহলে প্রিন্স, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা ড. মাহাদী আমিন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটি সদস্য তাবিথ আউয়াল।

এছাড়াও পৃথক একটি শোক বইয়ে স্বাক্ষর করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, মেজর জেনারেল (অব.) মুনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম ওয়াহাব, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়েজুল করিম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, চিন্তাবিদ ফরহাদ মজহার এবং জাতীয় দলের সাবেক প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ।

কূটনীতিকদের শোক স্বাক্ষর কার্যক্রম সমন্বয় করছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, জেবা খান ও গিয়াসউদ্দিন রিমন।

রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের শোক স্বাক্ষর কার্যক্রম সমন্বয় করছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com