রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

২৪৩ আসনে প্রার্থী দিল জিএম কাদেরের জাপা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে ‘সরে আসারও’ কথা বিবেচনা করা হতে পারে।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টি সব সময় জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আমরা অতীতেও জনগণের যেকোনো রায় মেনে নিয়েছি। জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এটি করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখছি, সরকার যথাযথভাবে তা করতে পারছে না।”

তিনি আরও বলেন, “সারা দেশে আমাদের নেতাকর্মীরা একটি উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় রয়েছে। অনেক আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় প্রার্থী বাছাই করতে হিমশিম খেতে হয়েছে। যাচাই–বাছাই শেষে আজ আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনো আশা করি, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দেবে।”

সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, ফকরুল ইমামসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com