শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার-দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার আগামী ৩০ দিনের মধ্যে সম্পন্ন করাসহ তিন দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই দাবি তোলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে দুপুর ১২টায় ইনকিলাব মঞ্চ সংবাদ সম্মেলন করে। এতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ৩ দফা দাবি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ৩ দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিচ্ছি।

এই ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে গণমাধ্যমের সামনে এসে স্পষ্টভাবে জানাতে হবে এই হত্যাকাণ্ডের বিচার ও তদন্তে তারা কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন। যদি তারা আগের মতো দায়িত্ব এড়িয়ে গিয়ে নিজেরা উপস্থিত না থেকে কেবল অতিরিক্ত আইজিপিকে দিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন, তাহলে ইনকিলাব মঞ্চ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

তিনি বলেন, একটি পক্ষ নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। কিন্তু আমরা তা চাই না। আমরা ৩০ দিনের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার চাই। নির্বাচন হতে ৩০ দিনের বেশি সময় রয়েছে।

তিনি বলেন, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যদি নির্ধারিত সময়ের মধ্যে শুরু না হয় এবং দোষীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা না যায় তাহলে এই রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত কেউ দায় এড়াতে পারবে না।

৩ দফা দাবিসমূহ
• দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা। তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা।

• সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা।

• স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সব দায় নিয়ে পদত্যাগ করা।

বাংলা৭১নিউজ/জেনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com