শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

খামেনিকে ইসরায়েলের হত্যাচেষ্টায় ভেটো দেন ট্রাম্প

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ইসরায়েলের হত্যাচেষ্টার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দিয়েছেন। রোববার মার্কিন দুই কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

ইসরায়েলি পরিকল্পনায় ট্রাম্পের ভেটো দেওয়ার বিষয়ে মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ‌‌‌‌‘‘ইরানিরা কি এখন পর্যন্ত কোনও আমেরিকানকে হত্যা করেছে? না। তারা হত্যা না করা পর্যন্ত আমরা ইরানের রাজনৈতিক নেতৃত্বকে নিশানা করার কথাও ভাবছি না।’’

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন ওই দুই কর্মকর্তা বলেন, ‘‘ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর লক্ষ্যে ইসরায়েল ইরানে ব্যাপক হামলা শুরু করার পর থেকেই যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা নিয়মিতভাবে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন।’’

তারা বলেন, ইসরায়েলিরা ইরানের শীর্ষ নেতাকে হত্যার সুযোগ পেয়েছিল বলে জানিয়েছিল। কিন্তু ট্রাম্প তাদের সেই পরিকল্পনা থেকে বিরত থাকতে বলেন। তবে ট্রাম্প নিজে সেই বার্তা দিয়েছিলেন কি না, তা নিশ্চিত করেননি ওই কর্মকর্তারা।

ইসরায়েল-ইরান সংঘাত শুরুর পর থেকে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মাঝে ঘন ঘন যোগাযোগ হচ্ছে বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে রোববার ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বায়ার’ অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, অনেক ভুয়া প্রতিবেদন ছড়ানো হচ্ছে, যেগুলোর কোনো কথোপকথনই আসলে হয়নি। আমি এসব নিয়ে আলোচনায় যাব না।

ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলেন, তবে আমি বলতে পারি আমাদের যা প্রয়োজন, আমরা তাই করব। আর আমি মনে করি, যুক্তরাষ্ট্রও জানে তাদের জন্য কোনটা ভালো।

যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় পুনরায় শুরু করা সম্ভব বলে মনে করেন ট্রাম্প। যদিও ইসরায়েল-ইরান সংঘাতের কারণে ওমানে রোববারের নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে।

শুক্রবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘‘ইসরায়েলি হামলার বিষয়ে আমরা সবকিছুই জানতাম।’’ আর রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ইরানের হামলা শুরুর বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবগত করা হয়েছিল।

সূত্র: রয়টার্স।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com