তিউনিসিয়ার রাজধানী তিউনিসে চলতি বছরের ১০ জানুয়ারি প্রেসিডেন্ট কাইস সাঈদের বিরুদ্ধে বিক্ষোভ করেন অধিকারকর্মী ও রাজনৈতিক বিরোধীরা। একক ব্যক্তির শাসনের অবসান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান তারা। ছবি: আল-জাজিরা থেকে সংগৃহীত
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় গণতন্ত্রের পরিস্থিতি ক্রমেই সংকুচিত হচ্ছে। যুদ্ধ, বিদেশি হস্তক্ষেপ, স্বৈরশাসন, অর্থনৈতিক সংকট ও পরিবেশগত বিপর্যয়- সব মিলিয়ে এ অঞ্চলে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ কঠিন হয়ে উঠেছে।
তবে গণতন্ত্রের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। বরং স্থানীয় জনগণের রাজনৈতিক সচেতনতা, স্বতঃস্ফূর্ত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মধ্যেই এর পুনর্জাগরণের আশা দেখছেন বিশ্লেষকেরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক মতামত নিবন্ধে জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের গবেষক লারবি সাদিকি লিখেছেন, মধ্যপ্রাচ্যের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচলিত পশ্চিমা মডেলগুলো কার্যকর হয়নি। বরং এসব মডেল অনেক ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত প্রভাব আরও জোরদার করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বললেও পশ্চিমা দেশগুলো এখন অভিবাসন নিয়ন্ত্রণের স্বার্থে কর্তৃত্ববাদী শাসকদের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে।
লেখকের মতে, গাজায় যুদ্ধ, সিরিয়া ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান, ইয়েমেনে অবরোধ এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত পুরো অঞ্চলের মানবিক ও রাজনৈতিক সংকট বাড়িয়েছে। একই সঙ্গে আরব দেশগুলোতে তরুণদের বেকারত্বের হার প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ। পানির সংকট, মরুকরণ ও দূষণও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
সুইডেনভিত্তিক ভি-ডেম ইনস্টিটিউটের ২০২৬ সালের গণতন্ত্র প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৯০ শতাংশের বেশি মানুষ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার অধীনে বাস করছেন। তবে আরব ব্যারোমিটারের জরিপ বলছে, এ অঞ্চলের অধিকাংশ মানুষ এখনও অন্য যেকোনও শাসনব্যবস্থার চেয়ে গণতন্ত্রকে বেশি পছন্দ করেন।
লেখকের মতে, গণতন্ত্র পুনরুদ্ধারে বিদেশি মডেলের ওপর নির্ভর না করে স্থানীয় ঐতিহ্য, সামাজিক সংহতি, সমবায়, নারী নেতৃত্বাধীন উদ্যোগ, শ্রমিক সংগঠন এবং জনগণের অংশগ্রহণমূলক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। রাজনৈতিক দল ও নাগরিক জোটগুলোকেও জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
তার বক্তব্য, মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের নিজস্ব উদ্যোগ, মর্যাদা ও নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের ওপর।
বাংলা৭১নিউজ/আরএইচ



























