বরিশালের আগৈলঝাড়ায় মসজিদ-সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নুরে মদিনা মসজিদের পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, দুপুর ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে মসজিদের পাশে দুটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে বস্তু দুটি উদ্ধার করে।
ওসি আরও জানান, উদ্ধার করা বস্তু দুটিতে বিস্ফোরক দ্রব্য রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আদালতে প্রতিবেদন পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পরিত্যক্ত অবস্থায় বস্তু দুটি উদ্ধার হওয়ায় এ ঘটনায় আপাতত কোনো মামলা করা হবে না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে এগুলো কারও রাখা বলে প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিকভাবে নাশকতা কিংবা এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বস্তু দুটি রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বাংলা৭১নিউজ/আরএইচ
























