রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে মোটর পার্টস ডেকোরেশন কর্মী সিয়াম মজুমদার (২১) হত্যার ১১ মাস পেরিয়ে গেলেও মামলার তদন্তে কোনো কিনারা হয়নি। ঘটনার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও তারা আদালত থেকে জামিনে বেরিয়ে গেছেন, এমনকি এখন পর্যন্ত দাখিল করা যায়নি মামলার অভিযোগপত্রও (চার্জশিট)।
গত বছরের ডিসেম্বরে মগবাজারের নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলের আঘাতে নিহত হন সিয়াম।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় হাতিরঝিল থানায় দায়ের করা হত্যা মামলায় রাসেল মিয়া ও সাকিবুর রহমান শুভ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তারা দুজনই বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন এবং পুলিশের তদন্তেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। খোদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণেও সম্প্রতি দুই সপ্তাহের ব্যবধানে দুবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আইনজীবীরা বলছেন, জননিরাপত্তাবিঘ্নকারী এসব অপরাধে দ্রুত আসামি শনাক্ত এবং আদালতে অকাট্য সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে না পারায় বিচারপ্রক্রিয়া দুর্বল হয়ে পড়ছে। এর ফলে একদিকে যেমন গ্রেপ্তার ব্যক্তিরা সহজেই জামিন পেয়ে যাচ্ছেন, অন্যদিকে দুর্বৃত্তদের মধ্যেও আইনের ভয় কমে যাচ্ছে।
সিয়াম হত্যা মামলার তদন্তে স্থবিরতা ও আসামিদের জামিন
২০২৫ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে মগবাজার-নিউ ইস্কাটন রোডের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সামনে চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন সিয়াম মজুমদার। এ সময় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল মাথায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরদিন তার বাবা আলী আকবর মজুমদার বাদী হয়ে হাতিরঝিল থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত
তদন্তের শুরুতে পুলিশ জানিয়েছিল, ঘটনাস্থলের ওপরে ফ্লাইওভারের একটি বড় অংশের আলো বন্ধ ছিল এবং সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় হামলাকারীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে মামলা দায়েরের তিন দিন পর র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে রাসেল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।
রাসেলকে আদালতে হাজির করে পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং ঘটনার দিন ঘটনাস্থল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করেছিলেন। এর আগে অন্য একটি মামলায় গ্রেপ্তার এক আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও রাসেলের নাম উঠে আসে। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর প্রায় পাঁচ মাস পর, এ বছরের জানুয়ারিতে রামপুরা থানার একটি মামলায় গ্রেপ্তার হওয়া সাকিবুর রহমান শুভ নামে একজনকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করলে তাকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
১৩ হাজার টাকা বেতনে ডেকোরেশনের দোকানে কাজ করত সিয়াম। পরিবারের ঋণ পরিশোধের পর দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল তার। ছেলের মৃত্যুতে সিয়ামের বাবা-মাসহ পুরো পরিবার ভেঙে পড়েছে। আমরা হত্যার সুষ্ঠু বিচার চাই
সিয়ামের চাচাতো ভাই জলিল কাজী
তবে পরবর্তীতে গ্রেপ্তার হওয়া এই দুই আসামিই আদালত থেকে জামিনে মুক্তি পান। এর মধ্যে সাকিবুর গত ১৭ জুন ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে এবং রাসেল মিয়া গত ২২ জুন হাইকোর্ট থেকে জামিন পান।
ঘটনার সময় জেলে থাকা আসামিকে গ্রেপ্তারের আবেদন, আদালতের না
মামলাটির তদন্তে সমন্বয়হীনতা ও ধীরগতির চিত্র উঠে এসেছে আদালতে জমা দেওয়া পুলিশের নথিতেই। নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গত ২৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা (তেজগাঁও) বিভাগের পুলিশ পরিদর্শক শেখ মো. কামরুজ্জামান আদালতে ওমর ফারুক ওরফে জন নামের একজনকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেন। অথচ তিনি হাতিরঝিল থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সিয়াম হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
এর তিন দিন পর ২৬ এপ্রিল তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান আরও দুজন—মো. মাসুদুর রহমান ও ইউসুফ বেপারীকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তবে ওই দুজনও গত বছরের ১১ নভেম্বর রমনা মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় হাতেনাতে আটক হয়ে কারাগারে ছিলেন। অর্থাৎ, সিয়াম হত্যাকাণ্ডের দিন এই তিনজনই অন্য মামলায় কারাবন্দী ছিলেন। ফলে আদালত তাদের শোন অ্যারেস্ট দেখানোর আবেদন নামঞ্জুর করেন।
জননিরাপত্তা বিঘ্নিত করে এমন ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর ব্যাপারে রাষ্ট্রপক্ষ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। সম্প্রতি আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেসব মামলায় ইতোমধ্যে আসামিদের গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিয়াম হত্যা মামলাসহ বিস্ফোরক আইনের প্রতিটি মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ সমন্বিতভাবে কাজ করছে
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, সিয়াম মজুমদার হত্যাকাণ্ডের আগে থেকেই ওই তিনজন হাতিরঝিল ও রমনা থানার ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। এ বিষয়টি আমরা আমাদের আবেদনেই স্পষ্টভাবে উল্লেখ করেছিলাম। তবে দুটি ঘটনারই ধরন একই রকম ছিল। তাই এই বিস্ফোরণগুলোর নেটওয়ার্ক, সহযোগী এবং এর পেছনের পরিকল্পনাকারী ও অর্থদাতাদের সম্পর্কে তথ্য উদ্ঘাটনের স্বার্থেই তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। আদালত আইনি বিবেচনায় আবেদনটি নামঞ্জুর করেছেন। তবে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের মাঠপর্যায়ের তদন্ত অব্যাহত রয়েছে। প্রকৃত আসামিদের শনাক্ত করে আদালতে দ্রুত একটি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।
এদিকে ঘটনার প্রায় এক বছর পরও আসামিদের বিচারের আওতায় আনতে না পারায় হতাশ সিয়ামের পরিবার। সিয়ামের চাচাতো ভাই জলিল কাজী ঢাকা পোস্টকে বলেন, ১৩ হাজার টাকা বেতনে ডেকোরেশনের দোকানে কাজ করত সিয়াম। পরিবারের ঋণ পরিশোধের পর দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল তার। ছেলের মৃত্যুতে সিয়ামের বাবা-মাসহ পুরো পরিবার ভেঙে পড়েছে। আমরা হত্যার সুষ্ঠু বিচার চাই।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, জননিরাপত্তা বিঘ্নিত করে এমন ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর ব্যাপারে রাষ্ট্রপক্ষ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। সম্প্রতি আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেসব মামলায় ইতোমধ্যে আসামিদের গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিয়াম হত্যা মামলাসহ বিস্ফোরক আইনের প্রতিটি মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























