রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে এই উত্তেজনা তৈরি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগত ও রাজনৈতিক দলের সদস্যরা প্রবেশ করে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। এতে যেকোনো সময় সংঘর্ষ হতে পারে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে অবস্থান করছেন।
জানা যায়, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হেনস্তা ও অশালীন আচরণের অভিযোগ ওঠে। এরপরই মঙ্গলবার সকালে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদ নারী শিক্ষার্থীদের হেনস্তা ও অশালীন আচরণ করেন। সেই সঙ্গে ক্যাম্পাসের মাঠে নবীনবরণ আয়োজনের অনুমতি না দিয়ে তিনি অন্য অনুষ্ঠান ও বহিরাগতদের সুযোগ দেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নাম গোপন রেখে বিতর্কিত মন্তব্য এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারসহ নানা প্রশাসনিক অব্যবস্থাপনা করেছেন তিনি।
এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদ বলেন, শিক্ষার্থীদের এসব অভিযোগ সত্য নয়।
এদিকে তিনি বদলির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন।
এর আগে, মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে আলটিমেটাম দেন সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন অনিয়ম, সিদ্ধান্তহীনতা ও কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ তুলে তারা তাকে ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের আলটিমেটাম দেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ইনস্টিটিউটের মাঠে নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের অনুমতি না দিয়ে অধ্যক্ষ অন্য প্রোগ্রাম ও বহিরাগতদের মাঠ ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নাম গোপন রেখে বিতর্কিত মন্তব্য করা, নারী শিক্ষার্থীদের প্রতি অশালীন আচরণ এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের মতো একাধিক অভিযোগ তোলেন তারা।
বাংলা৭১নিউজ/আরএইচ





















