চোটের কারণে লামিন ইয়ামালকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগের পরবর্তী ম্যাচ খেলতে যাচ্ছে বার্সেলোনা। তার অনুপস্থিতিতে আক্রমণভাগে বিকল্প হিসেবে ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড জেসি বিসিউকে দলে ডেকেছে কাতালান ক্লাবটি।
বুধবার বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে আজারবাইজানের ক্লাব সাবাহর মুখোমুখি হবে বার্সেলোনা। বাকুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের স্কোয়াডে বিসিউয়ের অন্তর্ভুক্তি বেশ চমক তৈরি করেছে।
গোড়ালির সমস্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইয়ামালকে দলের সঙ্গে নেওয়া হয়নি। তার জায়গায় সুযোগ পেয়েছেন বার্সা অ্যাটলেটিকের তরুণ উইঙ্গার বিসিউ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি।
গত গ্রীষ্মে বেলজিয়ান ক্লাব ব্রুগ থেকে বার্সেলোনায় যোগ দেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। এরপর থেকে ক্লাবটির দ্বিতীয় দল বার্সা অ্যাটলেটিকের হয়ে খেলছেন তিনি। এখন পর্যন্ত দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন বিসিউ।
এবার সিনিয়র দলের সঙ্গে ইউরোপীয় প্রতিযোগিতার সফরে যাওয়ার সুযোগ পেয়েছেন এই তরুণ। সাবাহর বিপক্ষে ম্যাচে মাঠে নামার সুযোগ পেলে বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক হবে তাঁর।
বাংলা৭১নিউজ/আরএইচ



























