হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন রিমান্ডের এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. ইয়াছিন আরাফাত সৌরভ , মো. জাকিরুল ইসলাম জুয়েল এবং মো. শাওন।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউট গেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আবুল কালাম।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সৌরভের পক্ষে তার আইনজীবী রনজুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। তবে অপর আসামিদের পক্ষে জামিন আবেদন ছিল না।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানিয়েছে,শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউট গেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই তিনজনকে আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত করা হয়। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ এনে জাকিরুল ও শাওনসহ দেশের অন্য ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করতেন। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দর কেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























