স্যান্ডপেপার-কাণ্ডের পুরনো ক্ষত শুকানোর আগেই অস্ট্রেলীয় ক্রিকেটে নতুন করে খোঁচাখুঁচি। উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশ হওয়ার পর থেকেই একের পর এক সতীর্থের বক্তব্যে চাপে পড়ছেন অধিনায়ক প্যাট কামিন্স।
তবে কামিন্সের পাশে দাঁড়িয়েছেন জশ হ্যাজলউড। কামিন্সকে অধিনায়কের পদ থেকে সরানো হলে নিজের ভবিষ্যৎ নিয়েও ভাববেন বলে এমন হুঁশিয়ারি দিয়েছেন এই পেসার। একই সঙ্গে ২০১৮ সালের বল টেম্পারিংয়ে নিজের সংশ্লিষ্টতা ও ঘটনা সম্পর্কে জানার অভিযোগও জোরালোভাবে অস্বীকার করেছেন তিনি।
নিউজ কর্পকে দেওয়া সাক্ষাৎকারে হ্যাজলউড বলেন, ‘গত কয়েক দিনে বিভিন্ন মানুষের কাছ থেকে যেন একের পর এক আক্রমণ আসছে।
আমি প্যাটের পাশে থাকতে চাই। গত সপ্তাহে সংবাদ সম্মেলনে সে যা বলেছে, অধিনায়ক হিসেবে গত পাঁচ-ছয় বছরে যা করেছে, সবকিছুকেই আমি সমর্থন করি। দলকে এখন যে অবস্থানে নিয়ে এসেছে, তাতে এমন ঘটনা (স্যান্ডপেপার-কাণ্ড) আর কখনো ঘটবে না—এটা নিশ্চিত করা তার অসাধারণ কাজ। সে দারুণ একজন নেতা।
দলের প্রত্যেককে জিজ্ঞেস করলেও একই উত্তর পাবেন।’
স্যান্ডপেপার বিতর্ক নতুন করে সামনে আসাতে অনেকে কামিন্সের পদত্যাগ যাচ্ছেন। হ্যাজলউড জানান, তাকে যদি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে নিজের ক্যারিয়ার নিয়ে ভাববেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কামিন্সের অধিনায়কত্ব নিয়ে হ্যাজলউড বলেছেন, ‘প্রথম টেস্ট খেলতে গিয়ে যদি দেখি প্যাট অধিনায়ক নেই, অন্য কেউ দায়িত্বে আছে, সত্যি বলতে জানি না তখন পরিস্থিতি কেমন হবে। আমাকে সেই অবস্থায় পড়তে হলে সিদ্ধান্ত নিতে হবে।
বিষয়টি নিয়ে ভাবতে হবে।’
২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি হ্যাজলউডের। তার ভাষায়, ‘স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনায় আমি জড়িত ছিলাম না। মাঠে স্যান্ডপেপার বা অন্য কোনো বস্তু ব্যবহারের বিষয়েও জানতাম না।’
ক্যামেরন ব্যানক্রফটের সাম্প্রতিক বক্তব্যেরও পাল্টা যুক্তি দিয়েছেন তিনি। তার দাবি, বল রিভার্স সুইং করছে কি না, এমন প্রশ্ন করা স্বাভাবিক। তবে সেটিকে স্যান্ডপেপার ব্যবহারের প্রমাণ বলা যায় না।
এ ছাড়া স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটের নিষেধাজ্ঞাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন হ্যাজলউড। স্যান্ডপেপার বিতর্কে নতুন করে তদন্তের বদলে স্বাধীন ফোরামে অভিজ্ঞতা তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে পুরনো কেলেঙ্কারিতে অস্ট্রেলীয় ক্রিকেটের অস্বস্তি আপাতত কাটছে না।
বাংলা৭১নিউজ/আরএইচ
























