প্রেম, প্রতারণা, ছদ্মবেশ ও জীবনের নানা বাঁক নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়াবতী’। দীন মোহাম্মদ মন্টুর রচনা ও নির্দেশনায় নির্মিত হয়েছে এই নাটক। এতে অভিনয় করেছেন হোসাইন নিরব ও ইফফাত আরা তিথি।
নাটকের গল্পে মিলন তার মা ও বড় ভাই কবিরকে নিয়ে মাশিয়াতকে দেখতে যায়। প্রথম দেখাতেই মাশিয়াতকে পছন্দ হয় মিলনের। তবে একান্তে কথা বলার সময় মাশিয়াত জানায়, সে অন্য একজনকে ভালোবাসে। তাই পরিবারের কাছে মিলনকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার অনুরোধ করে। শেষ পর্যন্ত মাশিয়াতের কথা রাখতে নিজেই সরে আসে মিলন।
এরপর চাকরির সুবাদে মফস্বলের একটি নির্জন বাড়িতে থাকতে শুরু করে মিলন। তার একাকিত্ব দূর করতে বড় ভাই কবির ‘শালুক’ নামের এক কাজের ছেলেকে বাড়িতে নিয়ে আসে। এদিকে মাশিয়াত জানতে পারে, তার ভালোবাসার মানুষটি অন্যত্র বিয়ে করতে যাচ্ছে। প্রেমিকের প্রতারণায় ভেঙে পড়ে সে। একসময় মাশিয়াত বুঝতে পারে, যাকে ফিরিয়ে দিয়েছিল, সেই মিলনই তার সম্মান রক্ষায় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছিল। এরপর দুজনের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা নিয়েই এগিয়েছে নাটকের গল্প।
নাটকটি প্রসঙ্গে পরিচালক দীন মোহাম্মদ মন্টু বলেন, এতে সম্পর্কের জটিলতা, প্রেম, প্রতারণা ও জীবনের অপ্রত্যাশিত ঘটনা তুলে ধরা হয়েছে। গল্পে হাস্যরস ও নাটকীয়তার পাশাপাশি রয়েছে আবেগ ও ভালোবাসার বার্তা। দর্শকেরা শেষ পর্যন্ত একটি চমক পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
হোসাইন নিরবও ইফফাত আরা তিথি ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় রাজ, পামির খান, লিজা খানম, স্বপ্না আফরোজ, আবির খান ও মারিয়া খানসহ অনেকে।
নাটকটি শনিবার (২১ নভেম্বর) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























