বিশ্ব শান্তি, বাংলাদেশের শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বৌদ্ধ ভিক্ষুদের চীবর উৎসর্গের মধ্যে দিয়ে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।
রাঙ্গামাটি রাজবন বিহার প্রাঙ্গণে দেশ বিদেশের লাখো বৌদ্ধ ধর্মীয় পূর্ণার্থীর অংশগ্রহণে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে প্রয়াত পার্বত্য ধর্মগুরু সাধনানন্দ মহাস্থবির বনভন্তে (বনভান্তা)এর স্মৃতির উদ্দেশ্যে বিশাখা প্রবর্তিত নিয়মে ২৪ ঘণ্টায় প্রস্তুত চীবর উৎসর্গের মধ্য দিয়ে সমাপ্ত হয় দুই দিনের এই দানোৎসব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল থেকে শুরু হওয়া এ দানোৎসবে ২৪ ঘণ্টার মধ্যে চরকায় সুতা কেটে কোমড় তাঁতের মাধ্যমে তৈরি হয় কঠিন চীবর। রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে তুলে দেন সাবেক পার্বত্য মন্ত্রী ও দীপেন দেওয়ান এমপি।
এর আগে সকালে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার, রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে শুক্রবার সকাল থেকেই রাজবন বিহারে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানা দান কার্যক্রমে অংশ নেন ভক্তরা। বিকেল আড়াইটায় শুরু হয় প্রধান দানোৎসব—কঠিন চীবর দানানুষ্ঠান।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে বেইন ঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিকতা। রাতভর তুলা থেকে সুতা তৈরি, রং করা ও শুকানোর পর ভোর থেকে শুরু হয় চীবর বোনার কাজ। রাজবন বিহারে প্রায় দুই শতাধিক বেইন ও দেড় শতাধিক চরকার সাহায্যে হাজারো দায়ক-দায়িকা এই চীবর তৈরির পুণ্যকর্মে অংশ নেন।
শুক্রবার দুপুরে ভিক্ষু সংঘকে চীবর দানের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় তীর্থস্থান রাজবন বিহারে ৫০তম কঠিন চীবর দানোৎসবের সমাপ্তি ঘটে।
এ বছর ভারতের মহারাষ্ট্র থেকে ২০ জন বিদেশি সহ বহু পুণ্যার্থী অংশ নিয়েছেন এই মহাদানোৎসবে।
এদিকে, দুই দিনব্যাপী এই ধর্মীয় উৎসব পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়। বিহার প্রাঙ্গণ ও আশপাশে হরেক রকম পণ্যে সাজানো দোকান ও মেলায় জমে ওঠে উৎসবের আমেজ।
প্রসঙ্গত, ১৯৭৬ সাল থেকে প্রতি বছর রাঙ্গামাটি রাজবন বিহারে অনুষ্ঠিত হয়ে আসছে এই কঠিন চীবর দান উৎসব। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের শেষদিনে প্রবারণা পূর্ণিমা পালনের পর দিন থেকে দীর্ঘ এক মাস ধরে বিভিন্ন বৌদ্ধ বিহারে মাসব্যাপী ধারাবাহিকভাবে চলে কঠিন চীবর দান উৎসব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের সময় বিশাখা নামে এক উপাসিকা ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে সে কাপড় বুদ্ধকে দান করেন। তারই অনুকরণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চীবর দানোৎসব পালন করে আসছেন।
বাংলা৭১নিউজ/জেএস























