ফুটবল মাঠে কাটিয়েছেন বর্ণাঢ্য ক্যারিয়ার। আয় করেছেন কোটি কোটি টাকা। জিতেছেন অসংখ্য শিরোপা। খেলেছেন বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির মতো বড় ক্লাবে। অথচ জীবনের সুখের হিসাব মেলাতে গিয়ে সেই ফুটবল ক্যারিয়ারের চেয়ে কারাগারের দিনগুলোকেই এগিয়ে রাখছেন ব্রাজিলের সাবেক তারকা দানি আলভেজ। তার দাবি, লাখ লাখ ইউরো আয় করার সময়ের চেয়ে কারাগারে মাত্র ১১৩ ইউরো আয় করেও বেশি সুখী ছিলেন তিনি।
সম্প্রতি এক ধর্মীয় আলোচনায় নিজের জীবনের এই পরিবর্তনের কথা জানান ৪৩ বছর বয়সী আলভেজ। সেখানে স্পেনের বার্সেলোনাইয় অবস্থিত একটি কারাগারে কাটানো ১৪ মাসের অভিজ্ঞতা তুলে ধরেন সর্বশেষ ২০২২ বিশ্বকাপে খেলা এই তারকা ফুটবলার। এমনই খবর প্রকাশ করেছে গোল ডটকম।
আলভেজ বলেন, ‘সৃষ্টিকর্তার কৃপায় আমি লাখ লাখ ইউরো আয় করেছি। কিন্তু কারাগারে ১১৩ ইউরো আয় করেও লাখ লাখ ইউরো আয়ের সময়ের চেয়ে বেশি সুখী ছিলাম।’
কারাগারে থাকার সময় কাজ করে ওই ১১৩ ইউরো পেয়েছিলেন তিনি। আলভেজের ভাষ্য, ঈশ্বরের প্রতি বিশ্বাস তার জীবনে এমন এক সুখ ও পরিপূর্ণতা এনে দিয়েছে, যা ফুটবল ক্যারিয়ারেও খুঁজে পাননি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্মীয় সভা ও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন আলভেজ। এসব আয়োজনে কারাগারের অভিজ্ঞতা এবং জীবনে আধ্যাত্মিক পরিবর্তনের কথা তুলে ধরছেন তিনি।
২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে আলভেজের বিরুদ্ধে। ২০২৩ সালের জানুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্পেনের একটি আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন।
ফুটবল ক্যারিয়ারে দানি আলভেজের অর্জনের তালিকা বেশ দীর্ঘ। পরিসংখ্যান অনুযায়ী, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ৪৬টি শিরোপা। বার্সেলোনার হয়ে ৪০৯টি ম্যাচ খেলে ২৩ গোল করেছেন এই রাইটব্যাক। জিতেছেন ২৩টি শিরোপা। এর মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও ছয়টি লা লিগা। জুভেন্টাসের হয়ে জিতেছেন ইতালিয়ান লিগ সিরি ‘আ’। পিএসজির হয়ে জিতেছেন ফরাসি লিগের শিরোপা দুবার। ব্রাজিলের জার্সিতে খেলেছেন ১২৬টি ম্যাচ। জাতীয় দলের হয়ে দুবার কোপা আমেরিকা এবং দুবার কনফেডারেশনস কাপ জিতেছেন তিনি।
বাংলা৭১নিউজ/জেএস


























