বিশৃঙ্খলা হলে বা কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন তৈরি পোশাকশিল্পের কারখানামালিকেরা। মালিকপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে সাভার-আশুলিয়া ও গাজীপুরে ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ৫৫টি কারখানা বন্ধ হয়েছে। বন্ধের আশঙ্কায় আছে আরও ৯২টি কারখানা।
শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানা বন্ধের সুযোগ রয়েছে। এ ধারার প্রয়োগ করলে শ্রমিকেরা কারখানা বন্ধের দিনগুলোর জন্য কোনো মজুরি পান না। এতে শ্রমিকদের সংকট বাড়ে।
শিল্পমালিকদের এমন ঘোষণায় পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে বলে মনে করছেন একাধিক শ্রমিকনেতা। তাঁরা বলছেন, অধিকাংশ কারখানার শ্রমিকই কাজ করতে চান। তাঁরা কোনো ধর্মঘটও করেননি। তবে নিরাপত্তার কারণে মালিকেরা কারখানা বন্ধ করেছেন। এমন পরিস্থিতিতে মজুরি পাওয়া শ্রমিকদের অধিকার। তাঁরা সেটি না পেলে অসন্তোষ আরও বাড়তে পারে।
জানতে চাইলে নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার প্রথম আলোকে বলেন, যেসব কারখানার শ্রমিকেরা ধর্মঘটে ছিলেন না, তবে নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ ছুটি দিয়েছে, সেসব কারখানাকে পুরো মজুরি দিতে হবে। এসব কারখানা ১৩(১) ধারায় বন্ধ করা সম্পূর্ণ বেআইনি। কারণ, শ্রমিকেরা কাজ করতে চেয়েছেন। নিরাপত্তার কারণে কারখানা ছুটি দিয়েছে মালিকপক্ষ।
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বন্ধ হয়নি। গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এতে প্রায় চার ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
মালিকেরা একটি কথা জোর দিয়ে বলেছেন, কারখানায় ভাঙচুর চলবে, রাস্তাঘাট অবরোধ চলবে—একই সময়ে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা কী, তা নিয়ে প্রশ্ন আছে।
মাহমুদ হাসান খান, সভাপতি, বিজিএমইএ
এমন পরিস্থিতিতে গতকাল সকালে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানিয়েছে, এতে উৎপাদন কার্যক্রম চালাতে না পারলে কারখানা বন্ধ রাখার বিষয়ে মত দেন বেশির ভাগ মালিক। একই সঙ্গে তাঁরা বলেন, বিশৃঙ্খলা চলতে থাকলে মজুরি বোর্ডের আলোচনায় অংশ নেওয়ার যৌক্তিকতা নেই।
পরে বিকেলে মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ যৌথ সংবাদ সম্মেলন করে জানায়, কাজ না করলে শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবেন মালিকেরা। অবশ্য গত বৃহস্পতিবার থেকেই কারখানা বন্ধে ১৩(১) ধারা প্রয়োগ শুরু হয়।
মালিকেরা যা বললেন
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। ১৪ নভেম্বর
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। ১৪ নভেম্বরছবি: প্রথম আলো
মালিকদের দুই সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে অরাজক পরিস্থিতি তৈরি করে অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
বিজিএমইএর সভাপতি বলেন, ‘মজুরি বোর্ড হয়েছে গত ১ নভেম্বর। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে। গত মাসে যা হয়েছে, সেটিকে যদি আমরা যৌক্তিক বলি, তাহলে বর্তমানে যা চলছে, তা কোনোভাবেই যৌক্তিক না।’ তিনি বলেন, ‘মজুরি বোর্ড গঠিত হয়েছে। সবচেয়ে জরুরি বিষয়, কবে থেকে বাড়তি মজুরি কার্যকর হবে, তা বোর্ডের প্রথম সভাতেই ঘোষণা করা হয়েছে। তারপরও এটা নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করা মানে হচ্ছে আমাদের চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা।’
তৈরি পোশাক খাতে নিম্নতম মজুরি নির্ধারণকে কেন্দ্র করে একটি মহল বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, বেশির ভাগ শ্রমিক ভাই-বোন কাজে যোগ দিতে চান। তবে কারখানার অভ্যন্তরে কিছুসংখ্যক বিপথগামী শ্রমিক বাইরের মহলের উসকানি ও প্ররোচনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এ কারণে শ্রমিকেরা কাজ বন্ধ করে বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন।
চলমান অস্থিরতায় সাভার-আশুলিয়া ও গাজীপুরের ১৪৭ কারখানায় চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম চালানো যাচ্ছে না বলে উল্লেখ করেন বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, গতকাল সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। তবে ৯২টি কারখানা উৎপাদন চালানোর চেষ্টা করেও পারেনি। এই ১৪৭ কারখানায় প্রায় তিন লাখ শ্রমিক কাজ করেন।
পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। আগামীকাল সোমবার বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এক প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, ‘কারা অরাজকতা করছে, সেটি চিহ্নিত করা বিজিএমইএর পক্ষে সম্ভব না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি নিয়ে কাজ করছে। যারা এই অরাজকতা করছে, তারা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নেটওয়ার্কের মধ্যে এসেছে।’
বিজিএমইএর সভাপতি বলেন, মালিকেরা একটি কথা জোর দিয়ে বলেছেন, কারখানায় ভাঙচুর চলবে, রাস্তাঘাট অবরোধ চলবে—একই সময়ে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা কী, তা নিয়ে প্রশ্ন আছে। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে তাঁরা ১৬ নভেম্বরের (সোমবার) মজুরি বোর্ডের তৃতীয় সভায় অংশ নেবেন। তিনি বলেন, ‘আমরা আশা করব, আগামী এক–দুই দিনে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। এরপরও যদি চলে, তাহলে আমরা আবার বসে সিদ্ধান্ত নেব।’
যেসব কারখানার শ্রমিকেরা ধর্মঘটে ছিলেন না, তবে নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ ছুটি দিয়েছে, সেসব কারখানাকে পুরো মজুরি দিতে হবে। …কারণ শ্রমিকেরা কাজ করতে চেয়েছেন।
বাবুল আখতার, মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি
বিশৃঙ্খল পরিস্থিতি বন্ধে শ্রমিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা ছিল না বলে অভিযোগ করেন বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, মাঠপর্যায়ের অনেক নেতা-কর্মী ও শ্রমিক প্রতিনিধি সাধারণ কর্মীদের ওপর তাঁদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না, যা সার্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সংবাদ সম্মেলনে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি অমল পোদ্দার, বিজিএমইএর সহসভাপতি রেজওয়ান সেলিম, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রমিকনেতারা বলছেন, অসন্তোষ দমনে মালিকপক্ষ সব সময়ই বিনা মজুরিতে কারখানা বন্ধের কৌশল নেন। তারপর তাঁরা খুব কম মজুরি প্রস্তাব করেন। মালিকপক্ষ যদি মজুরি উল্লেখযোগ্য হারে বাড়ানোর সদিচ্ছা দেখান, তাহলে বাইরের কেউ সুযোগ নিতে পারবে না।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, কারখানা বন্ধ কখনো সমস্যার সমাধান হতে পারে না। এতে মালিক ও শ্রমিক উভয় পক্ষেরই ক্ষতি। তাই উভয় পক্ষকেই সহনশীল আচরণ করতে হবে।
শ্রমিক আন্দোলনের কারণে বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়
শ্রমিক আন্দোলনের কারণে বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়ছবি: খালেদ সরকার
গতকাল সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল ও পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। ওই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে কয়েকজন শ্রমিক আহত হন। বৃহস্পতিবার আহত হওয়া এক শ্রমিক মারা গেছেন—এমন খবর গতকাল ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।
এদিকে সাভারের আশুলিয়ায় গতকাল ১৩(১) ধারায় কারখানা বন্ধের সংখ্যা বাড়তে থাকে। যেমন আশুলিয়ার জিরাব পুকুরপাড় এলাকায় লোসাকা গ্রুপের দুটি কারখানা বন্ধ করা হয়। গত বৃহস্পতিবার ওই গ্রুপের বেক নিট লিমিটেড কারখানা লক্ষ্য করে অন্য কারখানার শ্রমিকেরা ইটপাটকেল ছোড়েন। নিরাপত্তার কারণে ওই দিন কর্তৃপক্ষ ছুটি দেয়। পরদিন শুক্রবার এক নোটিশে গতকাল থেকে লোসাকা গ্রুপের দুই কারখানা বেক নিট ও তামাম ডিজাইন কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
বেক নিটের এক নারী শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমাদের কারখানায় কোনো গ্যাঞ্জাম ছিল না। পাশের কারখানায় ঝামেলা ছিল। ওদের ছুটি দেওয়ার পর বাইরের লোকজন আইসা আমাদের অফিসের গেট ভাঙছে, নিরাপত্তাকর্মীকে মারছে। এই কারণে বন্ধ রাখছে। অন্যদের কারণে আমরা ভোগান্তিতে পড়ছি।’
সমাধান কী
পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। আগামীকাল সোমবার বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র বলছে, মালিকপক্ষ অতীতের মতো প্রথমে কম হারে মজুরি বাড়ানোর প্রস্তাব দেবে।
পোশাক খাতের শ্রমিকদের মজুরি বাড়ানো নিয়ে কয়েক বছর পরপরই অসন্তোষ দেখা দেয়। আন্দোলন ছাড়া মজুরি বাড়ে না। জানতে চাইলে সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শ্রম পরিস্থিতি শান্ত করতে কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি আঞ্চলিক পর্যায়েও মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় আলোচনা করতে হবে। পাশাপাশি নিম্নতম মজুরি বোর্ডের আলোচনা ত্বরান্বিত করতে হবে। তিনি বলেন, মালিকদের একটি যৌক্তিক মজুরি প্রস্তাব নিয়ে আসতে হবে। তারপর দ্রুত আলোচনা শুরু করতে হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ
























