ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি দুই পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানের সময় টহলদল এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি তার হাতে থাকা ব্যাগটি ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহলদল ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।
বিজিবি আরো জানায়, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ, দৃঢ় ও প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় ফেনী ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরো জানান, সীমান্ত সুরক্ষা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















