ব্রাজিলের ক্লাব সান্তোসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালনে স্বার্থের সংঘাত এড়াতে বড় পদক্ষেপ নিয়েছেন নেইমার জুনিয়রের বাবা নেইমার সান্তোস।
ফুটবলারদের এজেন্ট হিসেবে নিজের নিবন্ধন স্থগিতের জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও ফিফার কাছে আবেদন করেছেন তিনি।
একই সঙ্গে তার মালিকানাধীন প্রতিষ্ঠান এনএন কনসালটোরিয়ার নিবন্ধন স্থগিতের আবেদনও করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সান্তোস ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ক্লাব জানায়, আইনজীবী গুস্তাভো জিস্তোর মাধ্যমে স্বেচ্ছায় এই আবেদন করেছেন নেইমারের বাবা। সান্তোসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে ফুটবল এজেন্টের ভূমিকার অসামঞ্জস্য এড়াতেই তার এই সিদ্ধান্ত।
গত ৬ নভেম্বর নেইমার সিনিয়রকে ক্লাবটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ঘোষণা করে সান্তোস। ক্লাবের ফুটবল ও বিপণনসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ভূমিকা রাখবেন তিনি। প্রাথমিকভাবে তার চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বর পর্যন্ত।
তবে বিষয়টি নিয়ে ব্রাজিলের ফুটবল অঙ্গনে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠেছিল।
কারণ, নেইমারের বাবা একদিকে ছেলের ক্যারিয়ার ও ব্যবসায়িক বিষয়গুলো পরিচালনার সঙ্গে যুক্ত, অন্যদিকে সেই ছেলেরই ক্লাব সান্তোসের নির্বাহীর দায়িত্বে।
এ পরিস্থিতিতে এজেন্ট হিসেবে নিজের নিবন্ধন স্থগিতের আবেদন করে সান্তোসের দায়িত্ব পালনের পথ সুগম করতে চাইছেন ৬১ বছর বয়সী নেইমার সিনিয়র। তবে আবেদনটি এখনো প্রক্রিয়াধীন।
নেইমারের বাবার এই পদক্ষেপের পর এখন সবার নজর সান্তোসের ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও ক্লাবটির সঙ্গে তার পরিবারের সম্পর্কের দিকে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























