নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় আবুল হোসেন (২৭) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
আবুল হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া তার সহকর্মী জুবায়ের হোসেন জানান, আবুল হোসেন সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সোয়াদ গার্মেন্টস লিমিটেডের জুনিয়র ড্রাই প্রসেস অপারেটর। সকালে অটোরিকশায় করে কর্মস্থলে যাওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
আবুল হোসেন চাঁদপুর সদর উপজেলার রাঙ্গেগাও এলাকার আবুল বাকের গাজীর ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























