গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সফিপুর ফ্লাইওভার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওয়ালিয়া বাড়ি এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মামুন হোসেন আশরাফুল (৩০), তার স্ত্রী শিমু আক্তার (২৪) এবং তাদের ৮ বছর বয়সী সন্তান আরাফাত ইসলাম শুভ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কোনাবাড়ীর নিজ বাসা থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন মামুন হোসেন আশরাফুল। দুপুর আড়াইটার দিকে তাদের মোটরসাইকেলটি সফিপুর ফ্লাইওভারের ওপরে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে সড়কের ওপর পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। ধাক্কা দেওয়া গাড়ি শনাক্ত এবং ঘাতক চালককে আটক করতে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























