রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় শান্তি আলোচনা হওয়ার কথা।
তবে আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেনে হামলা আরো জোরদার করেছে রাশিয়া। খবর সিএনএন
বিশেষ করে দেশটির জ্বালানি অবকাঠামো, শিল্পকারখানা, বন্দর ও বাণিজ্যিক স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।
বিশ্লেষকদের আশঙ্কা, আসন্ন শীতে ইউক্রেনের অর্থনীতিকে বিপর্যস্ত করে দেশটিকে আলোচনার টেবিলে আরও দুর্বল অবস্থানে নিয়ে যেতে চাইছে মস্কো।
পূর্ব ইউক্রেনের স্থলযুদ্ধে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় রাশিয়া এখন আকাশপথে হামলার মাত্রা বাড়িয়েছে।
আগের বছরগুলোর তুলনায় এবার শীত আসার আগেই দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে। এতে বিদ্যুৎ, পানি ও তাপ সরবরাহব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের তুলনায় এবার আরো আগেই এবং আরো তীব্র আকারে হামলা শুরু হওয়ায় শীতকালে ইউক্রেনের পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
গত সপ্তাহে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত প্যানেল জানিয়েছে, বেসামরিক অবকাঠামোতে পরিকল্পিত হামলা চালিয়ে রাশিয়া যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে।
বিশেষ করে ২০২৫-২৬ সালের শীতকালে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় চালানো হামলাগুলোকে এ অভিযোগের ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
লন্ডনভিত্তিক থিংক ট্যাংক নিউ ইউরেশিয়ান স্ট্র্যাটেজিস সেন্টারের আন্তর্জাতিক অংশীদারত্ব বিভাগের প্রধান জন লাউ বলেন, রাশিয়ার বিমান হামলার লক্ষ্য এখন স্পষ্টতই ইউক্রেনের অর্থনীতিকে ধ্বংস করা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তিনি বলেন, ইউরোপে ইউক্রেনের অনেক মিত্র এখনো বুঝতে পারছে না, দেশটির পরিস্থিতি কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। এর পরিণতিতে ইউরোপীয় অংশীদারদের ওপরও বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে।
জন লাউয়ের মতে, দনবাস অঞ্চলে আরো সেনা পাঠিয়ে কিংবা সম্মুখযুদ্ধে অগ্রসর হয়ে জয়ী হওয়া কঠিন বুঝতে পেরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কারণ, গ্রীষ্মকালে ইউক্রেনীয় বাহিনী তুলনামূলকভাবে সফল প্রতিরোধ গড়ে তুলেছে। তাই ইউক্রেনের সামরিক প্রতিরোধ ভাঙতে দেশটির অর্থনীতিকে দুর্বল করার কৌশল নিয়েছে মস্কো। পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হচ্ছে।
বিশ্বজুড়ে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম কয়েক মাসের পর ইউক্রেনে বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২৬ সালে এ পর্যন্ত রাশিয়ার হামলায় দেশটিতে ২ হাজার ৭০০-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
সংস্থাটির তথ্য বলছে, চলতি বছর ইউক্রেনে রাশিয়ার হামলার সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। জানুয়ারিতে দেশটিতে ৩ হাজার ৬৫০টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছিল। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩২টিতে।
অন্যদিকে রাশিয়ার ভূখণ্ডেও ইউক্রেনের পাল্টা হামলা বেড়েছে। অক্টোবরে রাশিয়ায় ২ হাজার ৩০২টি হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত মাসে অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত রাশিয়ার অন্তত সাতটি প্রতিষ্ঠান, তিনটি সামরিক বিমানঘাঁটি এবং গুরুত্বপূর্ণ রাডার ও সামরিক যোগাযোগ স্থাপনায় হামলা চালানো হয়েছে। চলতি বছরের গ্রীষ্মে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের গুদামগুলোতেও হামলা চালায় ইউক্রেন।
তবে ইউক্রেনের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে রাশিয়ার ধারাবাহিক হামলা। কৃষ্ণসাগরে দেশটির রপ্তানি কার্যক্রম, দানিউব নদীর বন্দর, শিল্পকারখানার গুদাম, রেলপথ এবং ইস্পাতশিল্প এখন রুশ হামলার লক্ষ্যবস্তু। এসব অবকাঠামোর কয়েকটির সামরিক ও বেসামরিক—দুই ধরনের ব্যবহার থাকলেও বিশেষজ্ঞদের অভিযোগ, সাম্প্রতিক অনেক হামলায় সরাসরি বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করা হচ্ছে।
গত সোমবার জাপোরিঝিয়ায় আশ্রয়কেন্দ্র ও ত্রাণ বিতরণকেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুল ভবনে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৫৫ জন ইউক্রেনীয় নিহত হন। পাঁচ বছরে গড়ানো যুদ্ধে এটি অন্যতম প্রাণঘাতী হামলার ঘটনা। তবে বরাবরের মতোই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে মস্কো।
গত আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্রিভি রিহ ও জাপোরিঝিয়ার প্রধান ইস্পাত কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হয়। পরে সেগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ক্রিভি রিহ শহর কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার পরিবারের আয়ের পথ বন্ধ হয়েছে। এতে শহরটিতে গুরুতর সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে।
এসিএলইডির পূর্ব ইউরোপবিষয়ক গবেষক ক্রিস্টিয়ান ভ্লাস বলেন, এসব হামলা কেবল শিল্পকারখানার ক্ষতি করছে না, সরাসরি ইউক্রেনের রাজস্ব ও করব্যবস্থায় আঘাত হানছে। এর প্রভাব পড়ছে শ্রমিকদের বেতনের ওপরও। কৃষি ও শস্য রপ্তানির মতো গুরুত্বপূর্ণ খাতেও হামলা চালিয়ে রাশিয়া ইউক্রেনের অর্থনীতিতে একযোগে একাধিক সংকট তৈরির চেষ্টা করছে।
ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের রাশিয়া টিমের প্রধান কাটেরিনা স্টেপানেঙ্কো বলেন, রাশিয়া এখন বিপণিবিতান, দোকান, পণ্য সংরক্ষণের গুদামসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনায় হামলা চালাচ্ছে। এতে পণ্য সরবরাহ ও বিক্রির কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আগে রাশিয়া মূলত রাতে হামলা চালালেও এখন দিনের বেলাতেও হামলার প্রবণতা বাড়িয়েছে। এর ফলে ইউক্রেনের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। স্টেপানেঙ্কো বলেন, দিনের বেলায় বিমান হামলার সতর্কসংকেত বাজলে সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অনেককে আইন অনুযায়ী কার্যক্রম বন্ধ রাখতে হয়। ফলে উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলার প্রভাবও ক্রমেই বাড়ছে। বিদ্যুৎ ও পানির সরবরাহ বিঘ্নিত হওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রা পর্যন্ত বিপর্যস্ত হচ্ছে। স্টেপানেঙ্কো জানান, রুশ বাহিনী এখন পশ্চিমাঞ্চলীয় শহর রিভনের মতো এলাকাতেও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আগে এসব এলাকা হামলার প্রধান লক্ষ্য ছিল না। এতে ইউক্রেনের দুর্বল বিমান প্রতিরক্ষাব্যবস্থার ওপর নতুন চাপ তৈরি হয়েছে।
ইউক্রেনের বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো আর মেরামত করা সম্ভব নয়। জন লাউ বলেন, দীর্ঘদিনের যুদ্ধের পুঞ্জীভূত প্রভাব এবং ইউক্রেনীয়দের শারীরিক ও মানসিক ক্লান্তির বিষয়টি বিবেচনায় নিতে হবে। দেশটির অর্থনৈতিক কাঠামো যেভাবে ভেঙে পড়ছে, তাতে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।
কিয়েভের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার পর্যন্ত শহরের প্রায় ৪০ শতাংশ ভবনে গরম পানির ব্যবস্থা ছিল না। এর মধ্যে ইউক্রেনে বছরের প্রথম তুষারপাত শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা সতর্ক করে বলেছেন, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মস্কো পরিকল্পিতভাবে লাখ লাখ ইউক্রেনীয়কে বিদ্যুৎ, উত্তাপ ও পানিবিহীন অবস্থায় ফেলার চেষ্টা করছে। যুদ্ধক্ষেত্রে যে লক্ষ্য অর্জন করতে পারছে না, রাশিয়া তা ঠান্ডা ও অন্ধকারের মাধ্যমে অর্জনের চেষ্টা করছে।
ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে রাশিয়ার উন্নত প্রযুক্তির জেটচালিত শাহেদ ড্রোন ও লইটারিং মিউনিশনের ব্যবহার বৃদ্ধিকেও বড় কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এসব অস্ত্র শনাক্ত ও ভূপাতিত করা ইউক্রেনীয় বাহিনীর জন্য তুলনামূলক কঠিন। এগুলো প্রতিরোধের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে কিয়েভ। তবে বর্তমানে এ ধরনের অস্ত্র ব্যবহারে রাশিয়া সুবিধাজনক অবস্থানে রয়েছে।
এ ছাড়া রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার অন্যতম প্রধান অস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংকটেও পড়েছে ইউক্রেন। ফলে রুশ হামলা ঠেকাতে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরো চাপে পড়েছে।
ক্রিস্টিয়ান ভ্লাস বলেন, গত এপ্রিল থেকে ইউক্রেনে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা প্রায় নিয়মিত বাড়ছে। তবে অক্টোবরের শুরুতে এই সংখ্যা যেভাবে বেড়েছে, তা বিস্ময়কর।
যুদ্ধের কারণে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের সাধারণ মানুষের আর্থিক সংকটও তীব্র হচ্ছে। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক সংকটের কারণে অনেক বেসামরিক মানুষ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। আবার কেউ কেউ আয় ধরে রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এমনকি কিছু অঞ্চলের কৃষকেরা স্থলমাইন থাকার আশঙ্কা রয়েছে, এমন জমিতেও চাষাবাদ করছেন।
মিকোলাইভ অঞ্চলের কয়েক’শ পরিবারের ওপর চালানো জরিপে দেখা গেছে, ৯১ শতাংশ পরিবার জরুরি আর্থিক সহায়তার প্রয়োজনের কথা জানিয়েছে। দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ৪২ শতাংশ পরিবার তাদের আর্থিক প্রয়োজনকে জরুরি বলে উল্লেখ করেছে।
ইউক্রেনে আইআরসির ফিল্ড ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক ওলগা কাশুবা বলেন, আর্থিক সংকট কেবল বিল পরিশোধের সমস্যায় সীমাবদ্ধ নেই। এটি মানুষকে জীবন বদলে দিতে পারে, এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। পূর্ব ইউক্রেনের অনেক বেসামরিক মানুষের জীবন ও জীবিকা ২০১৪ সাল থেকেই সংঘাতের কারণে বিপর্যস্ত। অর্থাৎ, এক দশকের বেশি সময় ধরে তারা এই চাপ সহ্য করছেন।
কিয়েভে বসবাসকারী ওলগা কাশুবা নিজেও মানুষের ক্রমবর্ধমান অর্থনৈতিক দুরবস্থা প্রত্যক্ষ করছেন। তার এলাকার একটি স্থানীয় কাঁচাবাজার রুশ হামলায় ধ্বংস হওয়ার পর বন্ধ হয়ে গেছে। সাম্প্রতিক আরেকটি হামলায় কাছের একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষুদ্র বই বিক্রেতাদের মজুত করা অনেক বই নষ্ট হয়েছে।
সিএনএনকে কাশুবা বলেন, মুদি দোকান বা গুদাম পুড়িয়ে দেওয়া হলে শুধু পণ্যের ক্ষতি হয় না, একই সঙ্গে হাজার হাজার মানুষের আয়ের উৎসও ধ্বংস হয়ে যায়।
সব মিলিয়ে, ইউক্রেনের সামনে এখন সামরিক লড়াইয়ের পাশাপাশি অর্থনীতি ও মানবিক সংকট মোকাবিলার বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। একদিকে শীতের তীব্রতা বাড়ছে, অন্যদিকে জ্বালানি ও শিল্প অবকাঠামোয় হামলা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আবুধাবির শান্তি আলোচনা কতটা কার্যকর হয়, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
বাংলা৭১নিউজ/আরএইচ























