বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘শেখ হাসিনা আইনের দৃষ্টিতে একজন অপরাধী।’
রোববার রাজধানীর একটি হোটেলে অধস্তন আদালতের বিচারকদের ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে। এই চুক্তির আওতায় ভারত সরকার তাকে ফেরত দেবে বলে সরকার জোরালো আশা প্রকাশ করছে।
শেখ হাসিনাকে ভারত কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “সেটা তারা কী বলছেন, তাদের বললে তো হবে না। আমার রাষ্ট্রের কাছে ওপেন আদালতে বিচার হয়েছে। আমার কাছে উনি অপরাধী। আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী। এটাই হলো আমাদের কাছে তার পরিচয়।”
বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির মাধ্যমে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে। যেসব বিচারকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের চেষ্টা করছে সরকার ও প্রধান বিচারপতি।
তিনি আরও বলেন, একবার সুপ্রিম কোর্টের স্থায়ী বিচারক হয়ে গেলে তার কাজে সরকার আর কোনো হস্তক্ষেপ করবে না। এছাড়া বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সংবিধান সংশোধন করে তা বাস্তবায়ন করা হবে।
আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলা নিয়ে রায় হতে যাচ্ছে। এই রায়ের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ এই মামলায় পূর্ণ ন্যায়বিচার পাবে।
এদিকে একই অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিচারব্যবস্থার প্রকৃত সুফল পেতে হলে একটি সম্পূর্ণ স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা অপরিহার্য।
বাংলা৭১নিউজ/এসএইচবি






















