২০০ কোটি রুপির বহুল আলোচিত চাঁদাবাজি মামলায় সাক্ষী হিসেবে ভারতের দিল্লির আদালতে হাজিরা দিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে নোরাকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইডি), যার ধারাবাহিকতায় এবার আদালতে জবানবন্দি দিলেন এই ডান্সিং ডিভা।
শুক্রবার (৬ নভেম্বর) আদালতে নিজের বক্তব্য দেওয়ার সময় ভারতে অবস্থানের কারণও জানিয়েছেন এই অভিনেত্রী।
নোরা জানান, টি-সিরিজের সঙ্গে কাজের জন্য ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন তিনি। এ সময় চেন্নাই সফর এবং সুকেশের স্ত্রী লীনা পলসের সঙ্গে সাক্ষাতের বিষয়েও আদালতকে জানান নোরা।
এর আগে নোরাকে দুইবার আদালতে তলব করা হয়েছিল। চলতি মাসের শুরুতে তার আইনজীবী হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। সাক্ষী হিসেবে নোরার আদালতে উপস্থিত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আদালতকে অবহেলা না করার বিষয়ে সতর্কও করেন।
সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, সরকারি কর্মকর্তা পরিচয়ে ফোর্টিস হেলথকেয়ারের কর্ণধার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতির কাছ থেকে তার স্বামীর জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এই অর্থ হাতিয়ে নেন সুকেশ ও তার সহযোগীরা।
সুকেশ ও তার স্ত্রী লীনা পলসের সঙ্গে যোগাযোগের বিষয়ে নোরাকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। পরে সম্পূরক অভিযোগপত্রে তাকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়। পুলিশের দাবি, নোরা ও জ্যাকুলিন ফার্নান্দেজসহ বলিউডের কয়েকজন অভিনেত্রীকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ।
২০২২ সালে নোরাকে একটি বিএমডব্লিউ গাড়ি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করেননি বলে আগে জানিয়েছিলেন অভিনেত্রী।
জাতি হিসেবে নোরা ফাতেহি মরক্কোর মেয়ে। তার পারিবারিক শিকড় মরক্কোয়। তিনি কানাডীয় নাগরিক। তার জন্ম কানাডার কুইবেকের মন্ট্রিয়লে। এখানেই বেড়ে ওঠা, শিক্ষা। তবে কাজের জন্য ওয়ার্কিং ভিসায় এখন থাকেন ভারতে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























