অস্কারজয়ী চিলির চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও মারা গেছেন। শুক্রবার (৬ নভেম্বর) চিলির রাজধানী সান্তিয়াগোতে ৫২ বছর বয়সে তার মৃত্যু হয়।
তার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে মৃত্যুর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
পরিবারের বিবৃতিতে বলা হয়, ‘তার স্মৃতি আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে। চিলির ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ে তিনি দেশটির সংস্কৃতিতে অসাধারণ অবদান রেখেছেন।
২০১৮ সালে ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ সিনেমার জন্য আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অস্কার জেতেন লেলিও। সিনেমাটিতে একজন ট্রান্সজেন্ডার নারীর জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন ট্রান্স অভিনেত্রী ড্যানিয়েলা ভেগা। তিনি একজন ওয়েট্রেস ও নাইটক্লাবের গায়িকার চরিত্রে অভিনয় করেন, যার প্রেমিকের মৃত্যুর পর জীবন নানা সংকটের মুখে পড়ে।
লেলিওর এই সিনেমাটি চিলির চলচ্চিত্র ইতিহাসে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হয়। এর আগে ২০১৬ সালে এনিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিয়ার স্টোরি’ অস্কার জিতেছিল। ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’-এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো অস্কার পায় চিলি।
সেবাস্তিয়ান লেলিওর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘গ্লোরিয়া’, ‘দ্য ওয়েভ’, ‘দ্য ওয়ান্ডার’, ‘ডিসওবিডিয়েন্স’ ও ‘দ্য ইয়ার অব দ্য টাইগার’। তার পরিচালনায় কাজ করেছেন জুলিয়ান মুর, র্যাচেল ওয়েইজ ও ফ্লোরেন্স পিউয়ের মতো অভিনেত্রীরা।
মৃত্যুর আগে আলেহান্দ্রো জামব্রার বই অবলম্বনে ‘পোয়েতা চিলেনো’ (চিলিয়ান পোয়েট) সিনেমার কাজ শুরু করেছিলেন লেলিও। গত সেপ্টেম্বরে এর চিত্রগ্রহণ শুরু হয়।
আর্জেন্টিনার মেন্দোজা শহরে জন্ম সেবাস্তিয়ান লেলিওর। দুই বছর বয়সে পরিবারের সঙ্গে চিলিতে চলে যান তিনি। শুরুতে এক বছর সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করলেও পরে ভর্তি হন চিলির ফিল্ম স্কুলে। সেখান থেকেই চলচ্চিত্র নির্মাণের জগতে তার যাত্রা শুরু।
বাংলা৭১নিউজ/আরএইচ
























