শুধু ভালো ফলাফল অর্জনই নয়, ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে হলে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান।
শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের গ্যালারিতে আলফা স্টার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ইউনিসেফের দক্ষতা উন্নয়ন কোর্সের সনদ ও মেধাভিত্তিক বৃত্তি প্রদান করা হয়। এতে ২০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ও এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে ইউনিসেফের দক্ষতা উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট ও মেধাবৃত্তি দেওয়া হয়।
মো. কামরুল হাসান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী দিকনির্দেশনা দিতে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য আইনগত সহায়তা কার্যক্রম ও উপজেলাভিত্তিক মেডিকেল ক্যাম্প চালুর উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশন।
পাশাপাশি ২০ হাজার শিক্ষার্থীকে দক্ষতা উন্নয়ন কোর্সের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, দেশের শিক্ষাব্যবস্থার বিদ্যমান দুর্বলতা কাটিয়ে উঠতে বহুমুখী ও কর্মমুখী শিক্ষার প্রসার প্রয়োজন। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের কনসালট্যান্ট লিড (পাস টু আর্নিং) ইস্তানুল কবির বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশের ফলে কর্মক্ষেত্রের চাহিদা দ্রুত পরিবর্তিত হচ্ছে।
তাই শিক্ষার্থীদের নিয়মিত নতুন দক্ষতা অর্জন, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতা তৈরি করতে হবে। পাশাপাশি উচ্চশিক্ষার বিষয় নির্বাচনের আগে ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে ক্যারিয়ার পরিকল্পনা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, আগামীর রাষ্ট্র বিনির্মাণে বর্তমান তরুণরাই এগিয়ে থাকবে, যারা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করবে।
ফেইথ এডুকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে অবকাঠামো, স্বীকৃতি, খেলাধুলার সুযোগ ও কর্মসংস্থান সহায়তার বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন নয়, ব্যবহারিক শিক্ষার পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার এবং সফট স্কিল উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু হুরায়রা বলেন, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্ঞান অর্জন করা। জ্ঞানী ব্যক্তিকে কেউ আটকে রাখতে পারে না। এর পাশাপাশি নৈতিক শিক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/আরএইচ


























