বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতান।
রবিবার (১ নভেম্বর) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
এর আগে, গত ২৫ অক্টোবর অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে অন্য যেকোনো পেশা, ব্যাবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছাড়তে হবে। সংবিধান অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর কিংবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি পিএসসি সদস্যের পদে বহাল থাকবেন।
অধ্যাপক শামীমা সুলতানা জুলাই আন্দোলনের সময় নিজ কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলে আলোচনায় আসেন। তিনি জাবির ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’-এর সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
বাংলা৭১নিউজ/আরকে





















