২০০৬ বিশ্বকাপের কথা উঠলেই যে দৃশ্যটা সবচেয়ে বেশি চোখের সামনে ভেসে ওঠে তা হচ্ছে জিনেদিন জিদানের ‘ঢুস’। বার্লিনের ফাইনালের অতিরিক্ত সময়ে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি কিছু একটা বললে সহ্য করতে না পেরে ‘ঢুস’ মারেন ফ্রান্স কিংবদন্তি।
শাস্তি হিসেবে লাল কার্ড দেখে মাথা নিচু করে বের হওয়ার সময় জিদানের পাশেই ছিল বিশ্বকাপের সোনালি ট্রফিটি। অনেকের ধারণা, সেদিন এই কাজটা না করলে চ্যাম্পিয়নও হতে পারত ফ্রান্স। সেদিনের পর আজ রাতে আবার ইতালির মুখোমুখি হচ্ছেন ফ্রান্স কিংবদন্তি। তবে এবার খেলোয়াড় হিসেবে নন, কোচ হিসেবে।
ইতালির বিপক্ষে মাঠে নামার আগে তাই সেই ‘ঢুস’ কাণ্ড ফিরলি আবার। ২০ বছর আগের সেই ঘটনা নিয়ে তবে কোনো অনুশোচনা নেই জিদানের। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে ৫৪ বছর বয়সী কোচ বলেছেন, ‘ছবিগুলো সব সময় সেই ঘটনার কথা মনে করিয়ে দেয়, সেগুলো বারবার দেখানো হয়। সৌভাগ্যবশত আমার ক্যারিয়ারে শুধু এটাই ঘটেনি, কিছু সুন্দর মুহূর্তের স্মৃতিও রয়েছে।
তবে এগুলো অনুশোচনা নয়, আমার ক্যারিয়ারের অংশ। যা ঘটেছে, সে জন্য গর্বিত নই। তবে সব সময় শুধু ভালো কাজ করতে পারবেন না আপনি। সবার জীবনে কিছু সময় আসে, যখন এমন কিছু করে ফেলি, কিন্তু সেরা কাজ নয়। এখন সামনের দিনগুলোয় কী আছে, সেটাই আসল কথা।
সেই ঘটনার পর কখনো মাতেরাজ্জির সঙ্গে কথা হয়নি বলেও জানান জিদান। ১৯৯৮ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার বলেছেন, ‘না। একদমই না।’
সেই ফাইনালই ছিল ফ্রান্সের জার্সিতে জিদানের শেষ ম্যাচ। তার মনে হয়েছিল, এভাবেই মানুষ মনে রাখুক ফ্রান্সের হয়ে তার শেষ ম্যাচটা ছিল। খেলোয়াড়ের মতোই এবার দলকে কোচ হিসেবেও সেরাটা দিতে প্রস্তুত বলে জানিয়েছে তিনি। রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘হ্যা, তখন জানতাম না একদিন কোচ হব। তাই আমার কাছে সেটাই ছিল শেষ এবং আমি বলতে পারি সময়টা খুব খুব কঠিন ছিল। আমি ফ্রান্স দলের কোচ হিসেবে ফেরার জন্য প্রস্তুত, আমার যা কিছু আছে তার সবই উজাড় করে দিতে চাই।’
বাংলা৭১নিউজ/আরএইচ



























