টানা দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পাত্তাই দিলো না ইংল্যান্ড। প্রথম টি-টোয়েন্টিতে ১১৯ রানে জয়ের পর কার্ডিফে দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৬ উইকেটে হারালো স্বাগতিকরা। ৭৩ বলেই রান তাড়া করে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে হ্যারি ব্রুকের দল।
প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৪৫ রানেই আটকে যায় লঙ্কানরা। জবাবে ১২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড।
সোফিয়া গার্ডেনসে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৩৩ বলে ৫৬ রান তুলে দেন পাথুম নিশাঙ্কা আর লাহিরু উদারা। কিন্তু ওই ওপেনিং জুটি ভাঙার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। উদারা ২০ বলে ২১ আর নিশাঙ্কা ২১ বলে ৩৭ রানে আউট হন।
পরের ব্যাটারদের মধ্যে কেউই তেমন সুবিধা করতে পারেননি। অধিনায়ক চারিথ আসালাঙ্কা ৩১ বলে ৩১ রানের ইনিংস খেলেন। শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ২২ বলে ২৭ রান না করলে লঙ্কানদের পুঁজি আরও কম হতো।
ইংল্যান্ডের লিয়াম ডসন ৩টি, জোফরা আর্চার আর জেমি ওভারটন নেন ২টি করে উইকেট।
জবাবে দুই ওপেনার জস বাটলার আর অ্যানুরিন ডোনাল্ড ২৮ বলে ৫১ তোলেন ওপেনিং জুটিতে। ডোনাল্ড ১৩ বলে ২১ আর বাটলার ১৬ বলে ৩০ করে সাজঘরে ফেরেন।
হ্যারি ব্রুক মাঠে নেমে ৮ বলে ১ চার আর ৩ ছক্কায় ২৩ রানের ক্যামিও উপহার দেন। জর্ডান কক্স করেন ৭ বলে ১২। তবে ২৪ বলে ফিফটি হাঁকিয়ে দলকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেন টম ব্যান্টন। ৫২ রানের হার না মানা ইনিংসে ২টি চার আর ৪টি ছক্কা হাঁকান তিনি।
বাংলা৭১নিউজ/জেএস




























