ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কাজী আশরাফ (৪৮) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাংবাদিক কাজী আশরাফ এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি। তার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে। তিনি ওই গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সাংবাদিক আশরাফ ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।
ভাঙ্গার মুনসুরাবাদ নামক স্থানে ঢাকা থেকে পিরোজপুরগামী ‘দোলা’ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের চালক কাজী আশরাফ গুরুতর আহত হন। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আক্তারুজ্জামান বলেন, দুর্ঘটনায় আহত কাজী আশরাফের বাম হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পা, মাথা ও বুকে গুরুতর আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভাঙ্গা থেকে ঢাকা পাঠানো হয়েছিল।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত কাজী আশরাফ ঢাকায় মারা গেছে বলে শুনেছি। দোলা পরিবহনের বাস ও মোটরসাইকেলটি ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
বাসচালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/আরএইচ























