দীর্ঘদিন সৌদিতে অবস্থানের পর দেশে ফিরছিলেন চার বাংলাদেশি। তাদের পকেটে ছিল বাড়ি ফেরার টিকিট।
বিমানবন্ধরে পৌঁছানোর আগে দেশটির তায়েফে সড়ক দুর্ঘটনায় লাশ হলেন তারা। এদের মধ্যে দুজনের বাড়ি সিলেটের কানাইঘাট।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সিলেটের নিহতরা হলেন আব্দুল করিম ও খালেদ আহমদ। তাদের বাড়ি উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, করিম ও খালেদ দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষে লাগেজ নিয়ে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।
পথে আল-খুরমা এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দেশে মৃত্যুর খবর পৌঁছালে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে। প্রিয়জনকে বরণ করে নেওয়ার অপেক্ষায় থাকা দুই পরিবারে নেমে আসে শোক।
উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, ‘খবরটি অত্যন্ত মর্মান্তিক।
দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার পর আমি তাদের পরিবারের সদস্যদের বাড়িতে গিয়েছি। পরিবার দুটির জন্য এটি অপূরণীয় ক্ষতি।
গত তিন মাসে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার আট প্রবাসীর মৃত্যু হয়েছে। এর আগে গত জুনে কাতারে সড়ক দুর্ঘটনায় উপজেলার পাঁচ প্রবাসী নিহত হন। ওই শোক কাটতে না কাটতেই জুলাইয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরো এক প্রবাসীর মৃত্যু হয়। এবার আরো দুই প্রবাসীর মৃত্যুর খবর এলো।
বাংলা৭১নিউজ/আরএইচ























