চট্টগ্রামের হাটহাজারী নিবাসী ৬ বছর বয়সী শিশু জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানী ঢাকায় চিকিৎসায় আসা মারিয়মের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল।
সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দল অসুস্থ জান্নাতুল মারিয়ামের মায়ের সাথে কথা বলেন এবং মারিয়ামের বিষয়ে খোঁজ নেন।
সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসা সহায়তা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন—আমরা বিএনপি পরিবার এর সদস্য মাসুদ রানা লিটন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সহ-সভাপতি ফারজানা রিমি ও ছাত্রদল নেত্রী আয়েশা খান প্রমুখ।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে ছোট্ট জান্নাতুল মারিয়ামের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে, তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে মারিয়মের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
জান্নাতুল মারিয়াম হেম্যানজিওমা (রক্তনালীর টিউমার) রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছে। এ রোগের কারণে তার খাওয়া-দাওয়া ও ঘুমের ক্ষেত্রেও নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। শিশুটির মা নাহিদ আখতার মেয়ের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন।
উন্নত চিকিৎসার জন্য জান্নাতুল মারিয়ামকে চীনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। এমন সময় প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়ে জান্নাতুল মারিয়ামের পরিবার স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে তারা জান্নাতুল মারিয়ামের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে।
বাংলা৭১নিউজ/জেএস






















