চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস্) ও লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)-এর যৌথ আয়োজনে দ্বিতীয় ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আইনবিষয়ক এই বিতর্ক আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
আইন প্রণয়ন, নীতিনির্ধারণ, আইনগত বিশ্লেষণ, সংসদীয় বিতর্ক ও গণতান্ত্রিক চর্চার বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়াই এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।
আয়োজনের প্রথম দিনে অংশগ্রহণকারীরা তিনটি পৃথক হাউসে নির্ধারিত আইনের বিভিন্ন আইনগত জটিলতা , আইন প্রণয়ন, সংশোধন ও খসড়া প্রণয়ন নিয়ে বিস্তারিত বিতর্ক ও আলোচনা করেন।
অংশগ্রহণকারীদের কাছ থেকে আগে একটি করে খসড়া প্রস্তাব জমা নেওয়া হয়।
সেখান থেকে ২০ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিত অংশগ্রহণকারীরা প্রথমে তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং পরবর্তীতে অন্যান্য সদস্যরা আলোচনায় অংশ নেন।
অংশ নেওয়া তিনটি হাউসের মধ্যে ছিল—১. পরিবেশগত ন্যায়বিচার, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫। ২. নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য আইন, ২০১৩।
৩. নিরাপদ অভিবাসন ও মানবসমাজ, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬।
আয়োজনের দ্বিতীয় দিনে নির্ধারিত বিষয়গুলোর ওপর দলভিত্তিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়। উপস্থাপনা শেষে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পুনরায় বিতর্ক, সমালোচনামূলক পর্যালোচনা ও আলোচনা হয়। পরে সংশোধিত খসড়া বিলের ওপর ভোট প্রদান এবং বিল আনুষ্ঠানিকভাবে গ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস্) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন— বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া আহসান হাবিব, ওয়াইপিএসএ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন ও অধ্যাপক প্রফেসর এ. বি. এম. আবু নোমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন এবং নিলস্ বাংলাদেশ জাতীয় বোর্ডের সভাপতি ফজলে রাব্বি তাওহিদ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ২য় নিলস্-এলইবি ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬-এর সহ-আহ্বায়ক সামিহা হক শাহী। পুরস্কার পর্ব পরিচালনা করেন নিলস্ বাংলাদেশ জাতীয় বোর্ডের সাধারণ সম্পাদক ইতমানান মুনির বাসিলিস।
দুই দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের আইনগত বিশ্লেষণ, যুক্তিনির্ভর বক্তব্য, নীতিপ্রস্তাব, বিতর্ক, দলগত কার্যক্রম এবং সংসদীয় কার্যক্রমে দক্ষতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়।
দুই দিনব্যাপী এই আয়োজনে তিনটি হাউসে অংশগ্রহণকারীদের আইনগত বিশ্লেষণ, নীতিপত্র প্রণয়ন, সংশোধনী প্রস্তাব, বিতর্ক ও সংসদীয় কার্যক্রমে দক্ষতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।
আয়োজকদের মতে, দ্বিতীয় নিলস্-এলইবি ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬ তরুণ আইন শিক্ষার্থীদের আইন প্রণয়ন ও নীতিনির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে বাস্তবভিত্তিকভাবে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের নেতৃত্ব, গবেষণা, আইনগত বিশ্লেষণ, জনসমক্ষে বক্তব্য প্রদান এবং গণতান্ত্রিক চর্চার দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















