রাজধানীর আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ খান মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি নাফিসা ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিঅ্যান্ডটি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কো-অর্ডিনেটর সৈয়দ নয়ন উদ্দিন, আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের আহ্বায়ক হাবিবুল্লাহ মাহবুব এবং সদস্যসচিব হোসাইন এম. আশার।
অনুষ্ঠানে বক্তব্য দেন আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিথীকা দাস, সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান ভূঁইয়া, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ছন্দা আক্তার, প্রভাষক মো. শফিকুল ইসলাম ও বেগম রহিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সায়মুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যেমন গৌরবের, তেমনি পরিবার ও সমাজের জন্যও আনন্দের।
কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের এই সংবর্ধনা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরো ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরাম। সাবেক শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক আরো সুদৃঢ় হলে শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/আরএইচ





























