বিয়ে করলেন দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, অভিনেত্রী ও নির্দেশক মহসিনা আক্তার। গত শুক্রবার ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
তার স্বামীর নাম ইরফান উদ্দিন। তিনি পেশায় একজন সিনেমাটোগ্রাফার ও নাট্যকর্মী। ‘বিনোদিনী’, ‘দ্য টেল অব সাদ’ ও ‘দ্য সানফ্লাওয়ার’-এর মতো কনটেন্টে সিনেমাটোগ্রাফি করেছেন ইরফান। এছাড়া ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ ও ‘আমি বীরাঙ্গনা বলছি’-এর মতো নাটকেও অভিনয় করেছেন তিনি। শিগগিরই তাঁর ফিল্ম প্রোডাকশন বিষয়ে উচ্চশিক্ষার জন্য লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনিচে যাওয়ার কথা রয়েছে।
মহসিনা ও ইরফান দুজনই থিয়েটার দল ‘স্পর্ধা: ইনডিপেন্ডেন্ট থিয়েটার কালেকটিভ’-এর প্রতিষ্ঠাতা সদস্য। একসঙ্গে মঞ্চে কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রথমে বন্ধুত্ব। পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যা অবশেষে পরিণয় পেল।
স্বামী সম্পর্কে মহসিনা আক্তার সংবাদমাধ্যমকে বলেন, ‘ও একজন সংবেদনশীল মানুষ। আমি যেভাবে মানুষ ও সমাজকে দেখি, সে-ও একই রকমভাবে দেখে। ফলে আমরা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছি।’
মহসিনা আক্তার ২০১৭ সালে বরেণ্য নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদের ‘রিজওয়ান’ নাটকে ফাতিমা চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে পরিচিতি পান। পরের বছর গঠিত ‘স্পর্ধা’ নাট্যদলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত হন তিনি। মঞ্চে অভিনয় ও নাট্য নির্দেশনার পাশাপাশি তিনি ‘জয়া আর শারমিন’ সিনেমাতেও অভিনয় করেছেন।
তাদের শুভ পরিণয়ে নাট্যাঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নতুন দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস




























