দিনাজপুরে পুনর্ভবা নদীতে ডুবে লিমন (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টায় দিনাজপুর সদর উপজেলার উলিপুর গ্রাম নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকেলে শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে ডুবে নিখোঁজ হয় লিমন।
মৃত লিমন দিনাজপুর শহরের সিপাহীপাড়ার লিটন ইলামের ছেলে।
আটকরা হলো রুহুল আমিন খান (১৬), আতিকুর রহমান (১৬), আবির হোসেন (১৬) ও তাজনিম রহমান (১৭)।
দিনাজপুর কোতোয়ালি থানার এসআই সাহাদত হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বুধবার বিকেলে দিনাজপুর শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে গোসল করতে নামে কয়েকজন শিক্ষার্থী। গোসলের এক পর্যায়ে লিমন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা খোঁজাখুজি শুরু করে।
পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি অভিযানে অংশ নেন। বৃহস্পতিবার দুপুর ১টায় সদর উপজেলার উলিপুর গ্রাম নদীতে তার মরদেহ ভেসে উঠে। পরে কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
এসআই সাহাদত হোসেন জানান, নিহতের ৪ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/আরএইচ























