নরসিংদীর মাধবদীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে স্বামী শরীফ মিয়াকে (৪২) আটক করা হয়।
নিহতের নাম জাহানারা বেগম (৩৯)। তারা দুজনেই কাঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনেরা জানান, প্রায় ১৫ বছর আগে সামাজিকভাবে জাহানারার সঙ্গে শরীফের বিয়ে হয়। তাদের সংসারে ৮ বছর বয়সি একটি মেয়ে সন্তান রয়েছে।
শরীফ মাধবদী শহরের একটি হোটেলে কাজ করতেন। তারা হত্যার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
থানায় আটক স্বামী শরীফ মিয়া জানান, সোমবার বিকেলে স্ত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এসময় তিনি স্ত্রীকে থাপ্পড় দিলে টিউবওয়েলের ওপর পড়ে গিয়ে অচেতন হয়ে যান।
পরে জ্ঞান না ফেরায় তাকে ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পর স্ত্রী মারা গেছেন বুঝতে পারেন। জানাজানি হওয়ার ভয়ে কাউকে না জানিয়ে নিজে নিজেই মরদেহটি দাফন করেন বলে জানান তিনি।
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, স্ত্রীকে হত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগে শরীফ মিয়াকে আটক করা হয়েছে। ঘটনার দুদিন পর শরীফ বুধবার দুপুরে থানায় এসে এক নাটক সাজিয়ে স্ত্রী হারিয়ে যাওয়ার অভিযোগ করার চেষ্টা করেন।
তখনই তার কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে পুলিশ ও স্থানীয়দের তাকে নজরদারিতে রাখতে বলা হয়। অবশেষে বেরিয়ে আসে ঘটনার রহস্য।
তিনি আরো বলেন, যেহেতু মরদেহ মাটিচাপা দিয়ে দিয়েছেন, তাই তা উদ্ধারের জন্য ম্যাজিস্ট্রেটের আদেশ লাগবে। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























