ভারতের বিহারের সিওয়ান জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ ব্যবহারের ঘটনায় জেলা পুলিশ সুপার পুরণ কুমার ঝাকে মঙ্গলবার (১৮ আগস্ট) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি বিহারের সিওয়ান জেলার জেপি চকের কাছে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে পুলিশের এক সদস্য একে-৪৭ থেকে গুলি ছোড়েন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা হয়। অভিযোগ, গত ২৫ জুলাই ওই বিক্ষোভে কনস্টেবল অভিষেক কুমার একে-৪৭ থেকে চার রাউন্ড গুলি ছুড়েছিলেন। এ ঘটনার পর তাকে আগেই সাময়িক বরখাস্ত করা হয়।
এবার ঘটনার সময় দায়িত্বে থাকা জেলা পুলিশ সুপার পুরণ কুমার ঝাকেও পদ থেকে সরানো হলো। আপাতত তাকে নতুন দায়িত্ব দেওয়ার আগে যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে। তবে ওই সময় দায়িত্বে থাকা অন্য কর্মকর্তাদের এখনো কোনো নতুন পদ দেওয়া হয়নি।
এই ঘটনা নিয়ে বিহার সরকার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে। সেখানে বলা হয়েছে, বিক্ষোভকারীরা কনস্টেবল অভিষেক কুমারকে ঘিরে ফেলেছিলেন। তিনি ভিড়ের মধ্যে আটকে পড়ার পর পরিস্থিতি সামাল দিতে একে-৪৭ থেকে চার রাউন্ড গুলি ছোড়েন। সরকারের দাবি, গুলিগুলো বিক্ষোভকারীদের লক্ষ্য করে নয়, আকাশের দিকে ছোড়া হয়েছিল এবং এতে কেউ আহত হননি।
পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে করা কয়েকটি আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্টে এই তথ্য দেওয়া হয়। এসব আবেদনের সঙ্গে দিল্লিতে ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন-সংক্রান্ত বিক্ষোভের বিষয়ও যুক্ত রয়েছে।
রাজ্য সরকারের হলফনামা অনুযায়ী, ২৫ জুলাই সিওয়ানের জেপি চকের কাছে বিক্ষোভের সময়ই ঘটনাটি ঘটে। কনস্টেবলকে বরখাস্ত এবং পুলিশ সুপারকে পদ থেকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রশাসন বিষয়টি নিয়ে ব্যবস্থা নিয়েছে। তবে ঘটনার সময় দায়িত্বে থাকা অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
বাংলা৭১নিউজ/আরএইচ


























