সহপাঠীদের মানবিক উদ্যোগের পর এবার টাঙ্গাইলের সখীপুরের শিক্ষার্থী নাঈম শিকদারের ক্যান্সার আক্রান্ত মা লাইলী বেগমের চিকিৎসায় আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৭ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলমকে ফোন করে বিষয়টি জানানো হয়।
জানা গেছে, সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন থেকে চলতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী নাঈম শিকদারের মা লাইলী বেগম কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হন। তাঁর চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় আর্থিক সংকটে পড়ে পরিবারটি।
মায়ের অসুস্থতার খবর পেয়ে নাঈমের সহপাঠীরা মানবিক উদ্যোগ নেন। পরীক্ষার ফলাফলের পর মিষ্টি না খেয়ে তারা নাঈমের দাদা সাত্তার শিকদারের হাতে ২০ হাজার টাকা তুলে দেন।
একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকসহ অন্য শিক্ষকরাও আরো ২০ হাজার টাকা দিয়ে পরিবারটির পাশে দাঁড়ান। সহপাঠীদের এই উদ্যোগের বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রধানমন্ত্রীর নজরে আসে।
নাঈমের মা বর্তমানে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নাঈম শিকদার বলেন, ‘আমার মায়ের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সাহায্য করবেন, আমার মা ভালো হবে—এটা অবশ্যই আনন্দ ও খুশির খবর।
পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
বিদ্যালয়ের পরিচালক আমিনুল ইসলাম বাদল বলেন, ‘প্রধানমন্ত্রী এমন মানবিক উদ্যোগ নেওয়ায় গর্বে বুক ভরে যায়।’
সখীপুর উপজেলা ইউএনও মো. আশরাফুল আলম বলেন, ‘অসুস্থ মায়ের প্রতি সহপাঠীদের মানবিক ও সহানুভূতিশীল উদ্যোগটি প্রধানমন্ত্রীর হৃদয় ছুঁয়েছে। মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোনে তাকে জানানো হয়েছে। একই বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকেও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অবহিত করা হয়েছে।
ইউএনও আরো জানান, আগামী শনিবার নাঈমের মায়ের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করবে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























