আগামী ৮, ৯ ও ১৬ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার রাজশাহীসহ দেশের সাত বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ ও প্রাথমিক আবেদনের সময় নির্ধারণ করা হয়। এর আগে ভর্তি কমিটির কাছে এ বিষয়ে প্রস্তাব দেয় ভর্তি উপকমিটি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন ১২ থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত নেওয়া হয়।
৮, ৯ ও ১৬ জানুয়ারি ২০২৭ তারিখে যথাক্রমে বি (বাণিজ্য), সি (বিজ্ঞান) ও এ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিকেন্দ্রীকরণ সম্পর্কে জানতে চাইলে জনসংযোগ প্রশাসক অধ্যাপক কামরুজ্জামান জানান, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট এই সাত শহরে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























