সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া ১৭ বাংলাদেশির মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত করা গেছে।
নিহত ১০ জন হলেন- নওগাঁর কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের গুফফার প্রামানিক এবং তার দুই ছেলে মহুন প্রামানিক ও সুমন প্রামানিক, জাননার ছেলে রুবেল হোসেন, ফজলুর ছেলে কলি প্রামানিক, সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ, বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন, চঞ্চলের ছেলে হাসিবুল হসান শুভ, মৃত রুহুলের ছেলে সুমন এবং পাচুপুর ইউনিয়নের পারকসুন্দা গ্রামের জলিল।
রোববার (৯ আগস্ট) রাতে ঘটনার বিষয়টি জানিয়েছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা গেছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি ৫ জন নাটরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সৌদিতে সোফা কারখানায় আগুনের ঘটনায় বেশ কিছু বাংলাদেশি নিহত হয়েছেন। তবে নওগাঁ বা অন্য কোনো জেলার কতজন তা তিনি নিশ্চিত না। আগামীকাল সকালে নিহতের সংখ্যা নিশ্চিত করে বলা যাবে।
বাংলা৭১নিউজ/জেএস























