ভারতের দিল্লির সংসদ অভিযানের কর্মসূচি ছিল ককরোচ জনতা পার্টির। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ওই অভিযানে তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ার সেল ছোড়ে পুলিশ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারকাদের অনেকেই। মাঝরাতে ফুঁসে ওঠেন দেশটির প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন নাসিরুদ্দিন শাহ। সেখানে তিনি বলেন, ‘একটা মূর্খ যখন দেশ চালান, তখন তিনি চান দেশের ভবিষ্যৎ প্রজন্ম তার মতো মূর্খ, নির্দয়, বিবেকহীন হোক।’
আন্দোলনকারীদের ওপরে নির্বিচারে লাঠিচার্জ ও টিয়ার সেল ছোড়ার ঘটনায় তিনি সেখানকার দায়িত্বরত পুলিশের সঙ্গে আমেরিকার এজেন্টদের তুলনা টানেন। তিনি বলেন, ‘রাগে আমার গা জ্বলছে। দেখতে পাচ্ছি, আমাদের বাচ্চাদের ওপরে কীভাবে নির্যাতন করছে ওই গুন্ডারা, যাদের দেখে আমেরিকার এজেন্টদের কথা মনে পড়ছে। মুখোশ পরা, হাতে লাঠি। বাচ্চাদের কথাও একটু ভাবুন। ভুলে যাবেন না, এর পরিণামে আপনাদেরও ভুগতে হবে।’
যুবকদের হার না মানার বার্তা দিয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘দেশের যুবকদের নিয়ে আমরা বরাবরই আশাবাদী। এখন সেই আশা আরও বেড়েছে। আপনারা লড়তে থাকুন, আমরা আপনাদের সঙ্গে আছি।’
এর আগে এই আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউডের আরও অনেক তারকা। তবে নিরবতা পালন করছেন এ রকম শিল্পী-তারকার সংখ্যাই বেশি। ঘটনায় সামাজিক মাধ্যমে পোস্ট, ভিডিও বিবৃতি দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা, ভূমি পেড়নেকর, পাঞ্জাবি অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ, অভিনেতা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা, পুনম পান্ডে, ‘গ্যাংস অব ওয়াসেপুর’খ্যাত চলচ্চিত্রকার অনুরাগ কশ্যপ. শিল্পী কৌশিকী চক্রবর্তী প্রমুখ। আন্দোলনস্থলে সরাসরি হাজির হয়েছিলেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমী। এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রাতে অবস্থান করেন প্রকাশ রাজ।
বাংলা৭১নিউজ/এসএএইচ



























