ঢাকার তেজগাঁওয়ের এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এর ফলে শনিবার (১১ জুলাই) দুপুর থেকে কারওয়ান বাজার ও মগবাজারসহ ঢাকার বিস্তীর্ণ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার হাজার হাজার বাসিন্দা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, শনিবার দুপুরে এফডিসি মোড়সংলগ্ন ওই বিদ্যুৎ উপকেন্দ্রে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সূত্র জানিয়েছে, উপকেন্দ্রটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই নিরাপত্তার স্বার্থে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার ও ইস্কাটনসহ আশপাশের বিশাল একটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তবে ট্রাবলশুটিং ও বিকল্প লাইনের মাধ্যমে ইতোমধ্যেই কিছু কিছু এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হয়েছে।
সার্বিক পরিস্থিতি এবং বিদ্যুৎ সচল করার বিষয়ে ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন, অতিরিক্ত দায়িত্ব) রবিউল হাসান জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রটির মেরামত ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ডিপিডিসির প্রকৌশলী ও টেকনিশিয়ানরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছেন। সব পরিস্থিতি অনুকূলে থাকলে, রাত ১০টার মধ্যে ক্ষতিগ্রস্ত পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস



























