প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং দুই দেশের সুবিধাজনক সময়ে জাপান সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার (১ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রধানমন্ত্রীকে জাপান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্টসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে। এ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান সম্প্রতি মালয়েশিয়া ও চীন সফর করেন। এরপর এখন পর্যন্ত তিনি অন্য কোনো দেশ সফর করেননি।
বাংলা৭১নিউজ/জেএস